আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে আদিবাসী যুবক নিহত
খাগড়াছড়ির দীঘিনালায় বুধবার রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) পক্ষ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ধনপাতা গ্রামের বাহুদেব চাকমার ছেলে সুমন্ত চাকমা (২৮)। তিনি জেএসএস (সন্তু) পক্ষের সমর্থক বলে জানা গেছে।পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে পাবলাখালী ছড়ার পাড়ের জঙ্গল থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার ও ঘটনাস্থল থেকে এসএমজির চারটি গুলির খোসা ও নাইন এমএম পিস্তলের একটি গুলি উদ্ধার করেছে। ঘটনার জন্য জেএসএস-ইউপিডিএফ পরস্পরকে দায়ী করেছে।এলাকার কয়েকজন আদিবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার রাতে কয়েকটি গুলির শব্দ শুনলেও তাঁরা ভয়ে কেউ ঘর থেকে বের হননি। বৃহস্পতিবার সকালে শুনতে পান রাতের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এর আগে গত ৮ জুলাই রাতে একই এলাকার ইউপিডিএফ পরিচালিত একটি ছাত্রাবাসে সন্ত্রাসীরা গুলি চালালে রুবেল চাকমা (১৫), এসএসসি পরীক্ষার্থী কনক জ্যোতি চাকমা (১৭) ও পলাশ চাকমা (১৭) গুলিবিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীরা গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক আলো জীবন চাকমাকে গুলি করে হত্যার চেষ্টা করে। জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারি তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, গুলিতে নিহত যুবক শান্তিচুক্তির পক্ষের সমর্থক ছিলেন। ইউপিডিএফের লোকজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা নিহত যুবক জেএসএস (সন্তু) পক্ষের লোক দাবি করে বলেন, ‘বুধবার রাতে সন্তু পক্ষের দুটি দল নারিকেল বাগান এলাকায় হামলা করতে এলে ভুল করে তাদের লোকের ওপর তারা গুলি করে। মূলত সন্তু পক্ষের লোকজন আমাদের ওপর হামলা করতে এসেছিল। ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত নয়।’