আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাতেন ও উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন ওরফে লন্ডনি পক্ষের সঙ্গে রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাব উদ্দিন ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমান আলী পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গতকাল দুপুর ১২টায় মুগারচর গ্রামের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় রমিজ উদ্দিন বিনা উসকানিতে শাহাব উদ্দিনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তাঁকে ধরে নিয়ে মারধর করার হুমকি দেন। এ সময় তাঁর পক্ষের মোশাররফ হোসেন ইমান আলী বাধা দেন। এ পর্যায়ে মোশাররফের ওপর হামলা চালান রমিজ উদ্দিন। উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে রমিজ উদ্দিনের লোকজন টেঁটা, লাঠি ও অস্ত্র ব্যবহার করে। এ সময় বেশ কয়েকটি গুলিও ছোড়া হয়। সংঘর্ষে মোশাররফ হোসেন ইমান আলীর পক্ষের মজিবুর রহমান, মোশাররফ হোসেন ইমান আলী, হালিমা বেগম, শরীফ, আবুল কালাম, সাইদাসহ আহত হন ১০ জন। ওই ঘটনার জন্য রমিজউদ্দিন ও শাহাবউদ্দিন পরস্পরকে দায়ী করেছেন। মেঘনা থানার ওসি নাসিব উদ্দিন জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই নেতার মধ্যে সংঘর্ষ হয়। পরে আওয়ামী লীগের নেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। টেঁটা ও লাঠি ব্যবহার হলেও গুলি ব্যবহার হয়েছে কি না, জানি না। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।