আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৩
কক্সবাজারের পেকুয়া উপজেলার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) নীলু বড়ুয়া (৪৮) ও বিশেষ আনসার সদস্য চাঁদ আলী (৩৪) আহত হয়েছেন। এ ছাড়া দুই পক্ষের আরও ১১ জন আহত হয়েছেন।
এ ঘটনায় ওসি নীলু বড়ুয়া বাদী হয়ে বৃহস্পতিবার সুনির্দিষ্ট ১১ জনসহ আরও অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ব্যবসায়ীরা জানিয়েছেন, পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী ও বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী গ্রামের লোকজনের সঙ্গে শেখেরকিল্লাহ ঘোনার এলাকার লোকজনের বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। বুধবার বিকেলে গোঁয়াখালী গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে শেখেরকিল্লাহ ঘোনার কয়েকজন যুবকের কথা-কাটাকাটি হয়। এর পরই শেখেরকিল্লাহ ঘোনার লোকজন বাজারে উত্তেজনা সৃষ্টি করে দোকানপাট বন্ধ করে দেন।
ব্যবসায়ী ছিদ্দিক আহমদ ও নুর মোহাম্মদ জানান, শেখেরকিল্লাহ ঘোনার লোকজন তিনটি ফলের দোকান ও দুটি মাছের আড়তে লুটপাট চালালে ফাঁসিয়াখালী ও গোঁয়াখালী গ্রামের লোকজন লাঠিসোঁটা, ইট, দা, কিরিচ নিয়ে একজোট হয়ে ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া দেয়। এতে ওসি ও বিশেষ আনসার সদস্য ছাড়াও রেজাউল করিম (২৮), সাজ্জাদ (২৯), জসিম উদ্দিন (৩৫), আকতার কামাল (১৮), মঞ্জুর আলম (৪০), গিয়াস উদ্দিন (৪২) আহত হন।
পেকুয়া থানার ওসি (তদন্ত) নীলু বড়ুয়া বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।