যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের আওয়ামী লীগ নেতা চৈতন্য কুমার মণ্ডল ওরফে মধু (৪৮) হত্যাকাণ্ডে মামলা হয়েছে। নিহতের স্ত্রী কল্পনা মণ্ডল মেজবাহ বাহিনীর প্রধান মেসবাউর রহমানকে (৪২) প্রধান আসামি করে গতকাল সোমবার অভয়নগর থানায় মামলা করেছেন।
তবে এ হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, উপজেলার মাগুরা গ্রামের মেসবাউর রহমান একজন শীর্ষ সন্ত্রাসী এবং তাঁর একটি বাহিনী রয়েছে। কয়েক বছর আগে বোমা তৈরি করতে গিয়ে তাঁর বাঁ হাতের কবজি উড়ে যায়। তাঁর বিরুদ্ধে অভয়নগর, মনিরামপুর, কোতোয়ালি এবং বাঘারপাড়া থানায় হত্যা, ডাকাতিসহ কমপক্ষে আটটি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেসবাউরের সঙ্গে চৈতন্য কুমার মণ্ডলের পরিবার বিশেষ করে তাঁর ভাইপো সমীর মণ্ডলের (৩৬) সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত এপ্রিল মাসে চৈতন্যের কাছে মেসবাউর রহমান চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে চৈতন্যকে লক্ষ করে বোমা ছুড়ে মারে মেজবাউর। এতে গুরুতর আহত হন তিনি। এরপর গত ১০ নভেম্বর রাতে মেজবাউরের ভাই ইকবাল হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ইকবাল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানায়। এ হত্যাকাণ্ডে সমীর মণ্ডলকে আসামি করা হয়।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি ভাইয়ের হত্যার বদলা নিতে মেজবাউর এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন বলেন, ‘মেজবাহ বাহিনীর প্রধান মেসবাউর এ ঘটনা ঘটিয়েছে। ভাইয়ের হত্যার প্রতিশোধ এবং আধিপত্য বিস্তারকে এ ঘটনা ঘটে থাকতে পারে।’