আধিপত্য বিস্তারের জের ধরে খুন হন সানাউল্লাহ
আধিপত্য বিস্তারের জের ধরেই নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর খুন হন। হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা সেখানে বছরের পর বছর ধরেই ঘটছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে প্রথম ১৯৮০ সালে দুর্বৃত্তদের হাতে খুন হন বড়াইগ্রামের আওয়ামী লীগের নেতা রফিক সরকার। তখন তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সাংসদ নির্বাচিত হন। এলাকায় একচ্ছত্র আধিপত্যই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। আজ অবধি তাঁর হত্যার বিচার হয়নি। এই হত্যা মামলার নথিপত্র পর্যন্ত গায়েব হয়ে গেছে। প্রয়াত রফিক সরকারের ছেলে আইনজীবী আরিফ হোসেনের মতে, তাঁর বাবাকে হত্যার মধ্য দিয়ে বড়াইগ্রামে রাজনৈতিক হত্যার বীজ রোপিত হয়। ২০০২ সালের ২৮ মার্চ সন্ধ্যায় খুন হন বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এ আলীম। অভিযোগ রয়েছে, যুবলীগের নেতা খোকন মোল্লার নেতৃত্বে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে তাঁকে হত্যা করে। সে সময় বিএনপি ক্ষমতায় থাকায় এম এ আলীম হয়ে উঠেছিলেন এলাকার ত্রাস। চাঁদাবাজি ও জমি দখলের বিস্তর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আওয়ামী লীগ ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে দলের নেতা (জেলা আওয়ামী লীগের বর্তমান তথ্য ও গবেষণা সম্পাদক) জাকির হোসেন ও যুবলীগের নেতা খোকন মোল্লা বনপাড়া বাজারে আধিপত্য বিস্তার করেন। স্বেচ্ছাসেবক দলের নেতা এম এ আলীম খুনের বদলা নিতে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই রাতেই (২৮ মার্চ) জাকির হোসেনের বাবা বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনাল হককে কুপিয়ে গুরুতর জখম করে। পর দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তখন বিএনপির ক্যাডাররা খোকন মোল্লা ও জাকির হোসেনের বসতবাড়িসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এসব ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়। মামলাগুলো এখনো চলছে। এরপর বড়াইগ্রামের রাজনীতিতে যুবদল নেতা সানাউল্লাহ নূর চমক সৃষ্টি করেন। বড়াইগ্রামের উপজেলা সদর বনপাড়ায় তিনি বিএনপির একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তবে তাঁর বিরুদ্ধেও চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ ওঠে। বনপাড়া পৌর নির্বাচনে তিনি দলের বিক্ষুব্ধ প্রার্থী হয়েও জয়যুক্ত হন। সরকারি তদন্তে তাঁর বিরুদ্ধে পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয় এবং তিনি মেয়র পদ থেকে অপসারিত হন। তবে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে অপসারণের আদেশ স্থগিত হয়। বিগত বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনে সানাউল্লাহ বিএনপির একক চেয়ারম্যান পদপ্রার্থী হন। আওয়ামী লীগের প্রার্থীকে চার হাজার ভোটের ব্যবধানে হারিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এতে বনপাড়ায় আওয়ামী লীগের রাজনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। তবে জাকির হোসেন ও খোকন মোল্লা আবারও বনপাড়া বাজারে তাঁদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করতে তৎপর হয়ে ওঠেন। এতে তাঁরা সফলও হন। তাঁরা কোণঠাসা করেন সানাউল্লাহ নূরকে। কিন্তু সানাউল্লাহ নূর দমার পাত্র নন। সম্প্রতি বনপাড়া বাজারে আয়োজিত এক কর্মসূচিতে সানাউল্লাহ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণা করেন। কিছু লোক তাঁকে হত্যার হুমকি দিচ্ছে বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এমনকি গত মাসে জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায়ও তিনি নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। সভায় উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার তাৎক্ষণিকভাবে পুলিশকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। গত শুক্রবার দুপুরে সানাউল্লা নূর আওয়ামী লীগের নেতা জাকির হোসেন ও যুবলীগের খোকন মোল্লার নেতৃত্বাধীন একটি বাহিনীর আক্রমণের শিকার হন বলে অভিযোগ ওঠে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বনপাড়ার এক কলেজশিক্ষক বলেন, এখানে দুটি বড় দলের নেতারা মাইকে গণতন্ত্রের কথা বলতে গিয়ে হাঁফিয়ে উঠেন। কিন্তু তাঁদের কাজের মধ্যে গণতন্ত্র খুঁজে পাওয়া যায় না। তাঁরা অত্যন্ত প্রতিশোধপরায়ণ। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বলেন, দল ক্ষমতায় আসলে কিছু মানুষ নিজেদের খায়েশ পূরণে ব্যস্ত হয়ে উঠেন। তাঁদের কারণে গোটা দলকে বেকায়দায় পড়তে হয়। বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি শরিফুল হক বলেন, ‘আমরা হতভাগ্য। কারণ যুগ যুগ ধরে প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে আসতে পারিনি।’