আধিপত্যে বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষই ককটেল বিস্ফোরণ, বাড়ি ও দোকানপাট ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রানীহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান দুরুল হোদা ও সাবেক চেয়ারম্যান মহসিন আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার রামচন্দ্রপুর হাটে দুরুল হোদা পক্ষের নুরুল ইসলামের একটি মোটরসাইকেল ভাঙচুর ও রাব্বানী নামে অপর একজনকে মারধর করে মহসিন আলীর সমর্থকেরা। এই ঘটনার জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষই ককটেলসহ ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষই ককটেল বিস্ফোরণ শুরু করে। সংঘর্ষের সময় তারা রামচন্দ্রপুর বাজার ও বহরমবাজার মোড়ের ২০টি বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানীহাটি ইউপি চেয়ারম্যান দুরুল হোদা বলেন, বিরোধ মিটিয়ে ফেলতে একাধিকবার উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকের পরও মহসিন আলীর সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে কথা বলার জন্য মহসিন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।