আধিপত্যের দ্বন্দ্বে খুন, ভাঙচুর-লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামের ওমর শেখ হত্যাকাণ্ডের জের ধরে মির্জাপুর ও আড়পাড়া গ্রামের ২৫টি বাড়ি ভাঙচুরসহ লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাজারের বেশ কিছু দোকানপাটও ভাঙচুর হয়েছে। ৪২ জনকে আসামি করে হত্যা মামলা করায় দুই গ্রামের পুরুষেরা পালিয়ে রয়েছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়-পরাজয় নিয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কোবাদ বিশ্বাসের (বর্তমানে মৃত) ছেলে আনিচ বিশ্বাস এবং বর্তমান চেয়ারম্যান ইমারুল গাজীর মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এরই জের ধরে ১৬ ডিসেম্বর বিকেলে চেয়ারম্যান পক্ষের আজিম শেখ (৩৬) আনিচ পক্ষের শাওনকে (১৮) পিটিয়ে জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে নিয়ামুল হোসেন (২৫), ওমর শেখ (৩০), লাল্টুকে (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের অভয়নগর ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত নয়টার দিকে ওমর শেখ মারা যান।মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে আনিচ পক্ষের লোকজন চেয়ারম্যান পক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ওমর শেখের ভাতিজা শরিফুল শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ৪২ জনকে আসামি করা হয়।মির্জাপুর ও আড়পাড়া গ্রামে বুধবার গিয়ে দেখা গেছে, লুটপাটের ভয়ে অনেকেই বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। এলাকায় পুলিশি টহল থাকলেও আনিচ বিশ্বাসের লোকজন প্রতিপক্ষ ইমারুল গাজী, নান্নু শেখ, আজিম শেখ, আবুল হোসেনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং হাবিবুর রহমান, নাজমুল বিশ্বাস, সাইফুল ইসলাম, মনিরা খাতুন, মনিরুজ্জামান ও জিয়ারুলের বাড়ি থেকে ২০টি গরু নিয়ে গেছে। পাশের শেখহাটি ইউনিয়নের লোকজন লুট করা গরু উদ্ধারসহ ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আরও পাঁচজনকে আটক করে।ওমর শেখের স্ত্রী দোলেনা বেগম ফের মা হতে চলেছেন। তিনি বলেন, ‘বিকেলে বাড়ি আসে ছোডডারে (ছোট সন্তান) খানিক কোলে নেয়। একটু পর আমার কাছে দিয়ে মিলাদে যায়। সেই যে গেল আর ফিরে আলো না। এহোন আমার কী হবে। ছয়ডা ছলমায়েরে কিডা দেখপেনে। আরও একটা আসতিছে।’বাজারের ব্যবসায়ী আলামিন জানান, রিয়াজ, জহুর, মহেদ, জাহিদ, কবির, পারভেজ, মোস্তা, ইকবালসহ ১৫ জনের ১৫টি দোকান ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও তাদের কোনো ভূমিকা ছিল না। পুলিশের সামনেই সন্ত্রাসীরা দোকানপাট ভাঙচুর করে।মুঠোফোনে জানতে চাইলে চেয়ারম্যান ইমারুল গাজী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। তিনি বলেন, ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও আনিচুর রহমানকে পাওয়া যায়নি।সদর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গরু লুটের অভিযোগে সিংগাশোলপুর গ্রামের হেমায়েত (৪০), ওবায়দুল্লাহ (৩০), রঘুনাথপুর গ্রামের মুকুল শেখ (৩০), মোশারেফ বিশ্বাস (৫০), আহাদ আলী শেখ (৩৫) ও মিশর মোল্লাকে (৩০) এবং বিভিন্ন মালামাল লুট করার অভিযোগে সদর উপজেলার মির্জাপুর গ্রামের রফিক খান (২১), জোবায়েদ (২৫), ইমরান হোসেন (২৫), শাওন (২০) ও সুজন মিয়াকে (১৫) আটক করা হয়েছে।সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় এলাকা শান্ত রয়েছে। গরু ও বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।