আধুনিক অস্ত্রধারী দস্যুদের কাছে বনপ্রহরীরা অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান্ধাতা আমলের অস্ত্র, দ্রুতগামী নৌযানের অভাব, প্রয়োজনীয় লোকবল-সংকটসহ নানা কারণে বনদস্যুদের কাছে অসহায় বনপ্রহরীরা। সশস্ত্র এসব দস্যু প্রতিনিয়ত জেলে, বাওয়ালি ও বনজীবীদের জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা আদায় করে। এমনকি বনের গহিনের টহল ফাঁড়ি থেকে অস্ত্র লুট, অপহরণ ও গুলি করে হত্যার ঘটনাও ঘটায় তারা।বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগ মিলিয়ে শরণখোলা, চাঁদপাই, খুলনা ও সাতক্ষীরা—এ চারটি রেঞ্জের অধীনে ১৭টি স্টেশন অফিস এবং ৭২টি টহল ফাঁড়ি রয়েছে। অধিকাংশ টহল ফাঁড়ি চলে সেকেলে থ্রি-নট থ্রি রাইফেল দিয়ে। চায়নিজ রাইফেল ও আরএসএলআর আছে হাতে গোনা কয়েকটি। অন্যদিকে বনদস্যুদের কাছে রয়েছে অত্যাধুনিক একে-৪৭, এসএমজি, এলএমজিসহ বিভিন্ন আধুনিক আগ্নেয়াস্ত্র। ফলে দস্যু দমন তো দূরের কথা, দস্যুদের রোধ করতেও হিমশিম খেতে হয় বনকর্মীদের।এসব ফাঁড়িতে প্রয়োজনের তুলনায় জনবল কম। অধিকাংশ টহল ফাঁড়ি চলে দুই-তিনজন বনরক্ষী দিয়ে, তাই লুট হওয়ার আশঙ্কায় অনেক ফাঁড়িতে অস্ত্রই রাখা হয় না। আর এর সুযোগ নেয় বনদস্যুরা। গত বছরের ১ জুন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা টহল ফাঁড়িতে জুলফু বাহিনী বনরক্ষীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে বনরক্ষী আফছার আলী (৫০) ঘটনাস্থলেই নিহত এবং ইনচার্জ শাহ আলম আহত হন। একই বছরের ৩১ মার্চ খুলনা রেঞ্জের দোবেকী টহল ফাঁড়ি এলাকায় বনরক্ষীদের নৌকায় হামলা চালিয়ে দুটি চায়নিজ রাইফেল ও ৮০ রাউন্ড গুলিসহ মাঝি (বিএম) জহির উদ্দিনকে অপহরণ করে দস্যুরা। পাঁচ দিন পর গভীর জঙ্গল থেকে জহির উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়।পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দে জানান, সীমিত লোকবল ও সেকেলে অস্ত্র-গোলাবারুদ নিয়ে বিশাল সুন্দরবনে বনপ্রহরীরা আধুনিক অস্ত্রে সজ্জিত দস্যুদের কাছে অনেকটা অসহায়। আর সে কারণে প্রায়ই তাঁরা হামলার শিকার হচ্ছেন। তিনি আরও জানান, পুলিশসহ অন্যান্য বাহিনী ঝুঁকিভাতা পেলেও বনপ্রহরীরা কোনো ঝুঁকিভাতা পান না। সরকারের উচিত, অবকাঠামোগত উন্নয়নসহ এসব বিষয় বিবেচনা করা।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বনরক্ষী জানান, অনেক টহল ফাঁড়িতে অস্ত্র থাকলেও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না। বনরক্ষীদের হাতে বনদস্যু মারা পড়লে আইনের প্যাঁচে পড়া এবং পুলিশি হয়রানির আশঙ্কায় তাঁদের সব সময় সাবধানে চলতে হয়। এ ছাড়া বনজ সম্পদ রক্ষায় দ্রুতগামী নৌযান ও আধুনিক অস্ত্রের সংকট রয়েছে। নেই পর্যাপ্ত জ্বালানিও। কয়েকটি ওয়্যারলেস সেট থাকলেও তা নষ্ট হয়ে আছে দীর্ঘদিন। আর এসব কারণে বনরক্ষীরা দস্যুদের সচরাচর দমন করতে পারেন না।