ঢাকাবাসীর সমস্যার অন্ত নেই। তাই মেয়র প্রার্থী আনিসুল হকের কাছে একজন চিঠিতে ‘মলমপার্টিমুক্ত’ ঢাকা দেখতে চান বলে উল্লেখ করলেন।‘বাড়িওয়ালামুক্ত’, ‘রাজনীতিমুক্ত’, ‘যানজটমুক্ত’ ঢাকাও চেয়েছেন কেউ কেউ।
সাবেক সাংসদ মাহফুজা লিখেছেন, ‘আমরা আনিসুল ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই।’ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মাদকমুক্ত, সবুজ, স্মার্ট এবং শিশু-কিশোরবান্ধব ঢাকা চান বলে প্রত্যাশার কথা জানিয়েছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ তারানা হালিম ‘কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহলভরে/ আজি হতে শতবর্ষ পরে’ কবিতার এই লাইন লিখে শতবর্ষ পরেও আধুনিক ও শৈল্পিক ঢাকা চান, সে প্রত্যাশার কথা লিখেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের সামনের ফুটপাতে ঢাকা নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত ‘কেমন ঢাকা চাই—মেয়র প্রার্থী আনিসুল হকে প্রতি খোলা চিঠি’ অনুষ্ঠানে এভাবেই প্রত্যাশার কথা লিখলেন সবাই। ফুটপাতে লম্বা টেবিলে সাদা কাপড়ে ঢাকাবাসী তাঁদের প্রত্যাশার কথা লেখেন। আনিসুল হকের কাছে তাঁরা এক কিলোমিটার লম্বা চিঠি লিখেন।
এ সময় মেয়র প্রার্থী আনিসুল হক একটি ভালো নগর উপহার দেওয়ার আকাঙ্ক্ষার কথা জানান। আনিসুল হকের বক্তব্যের আগে ঢাকা নাগরিক সমাজের সদস্যসচিব সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঢাকা নাগরিক সমাজের পক্ষে আনিসুল হককে মেয়র প্রার্থী হিসেবে সর্বাত্মক সমর্থন দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, খোলা চিঠির মধ্য দিয়ে ঢাকাবাসী জানান দিয়েছেন, আগামী দিনে তাঁরা কেমন ঢাকা দেখতে চান। সেই প্রত্যাশার কথাই আনিসুল হককে জানানো হয়েছে। তিনি নির্বাচিত হলে সেভাবেই ঢাকাকে গড়ে তুলবেন।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা নাসির উদ্দীন ইউসুফ, সাবেক সাংসদ তারানা হালিম, আনিসুল হকের স্ত্রী রুবানা হক, নাট্যব্যক্তিত্ব এনামুল হক, ক্রিকেটার হাবিবুল বাশার, ক্রিকেটার রকিবুল হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁদের প্রত্যাশার কথা লিখে জানান।
ঢাকা নাগরিক সমাজ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে গতকাল বুধবার। ২৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ করছে। এক কিলোমিটার লম্বা চিঠিটি পরে আনিসুল হকের কাছে পৌঁছে দেওয়া হবে জানালেন আয়োজকেরা।