আধুনিক ওষুধের কাজ কষ্ট প্রশমন করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধের (মেডিসিন) কাজ শুধু রোগ থেকে মানুষকে সুস্থ করা বা ক্ষতিগ্রস্ত অঙ্গ ঠিক করা নয়। আধুনিক ওষুধের কাজ অসুস্থতাজনিত কষ্ট ও ভোগান্তি প্রশমন করা।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের সেন্টার ফর পেলিয়েটিভ কেয়ারের আন্তর্জাতিক কর্মসূচির পরিচালক এরিক ক্রাকার গতকাল রোববার প্রশমন সেবা নিয়ে এক সেমিনারে এ কথা বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রশমন সেবাকেন্দ্র।
প্রশমন সেবা বা পেলিয়েটিভ কেয়ার চিকিৎসা শাস্ত্রে তুলনামূলক নতুন বিষয় উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, প্রশমন সেবার শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক মূল্য আছে। একাধিক গবেষণায় দেখা গেছে, প্রশমন সেবা মানুষের আয়ু বৃদ্ধি করে এবং জীবনের শেষ সময়ে চিকিৎসা খরচ কমায়।
এরিক ক্রাকার বলেন, ক্যানসার, ফুসফুসের রোগ, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা, যকৃতের রোগ বা অন্য কোনো দীর্ঘস্থায়ী যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করার জন্য প্রশমন সেবার দরকার হয়। তবে রোগ শনাক্ত হওয়ার পরপরই প্রশমন সেবা শুরু করা দরকার। কিছু ক্ষেত্রে জীবনের শেষ সময়ে প্রশমন সেবাই একমাত্র চিকিৎসা হয়ে দাঁড়ায়। প্রশমন সেবার মূল উদ্দেশ্য রোগীর জীবনের মান বাড়ানো।
বিএসএমএমইউয়ের সহ-উপাচার্য অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের শুরুতে প্রশমন সেবাকেন্দ্রের পরিচালক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ বলেন, ২০০৭ সালে মাত্র দুটি শয্যা দিয়ে প্রশমন সেবাকেন্দ্রের যাত্রা শুরু করে। এখন এখানে শয্যা বাড়িয়ে ১৭টি করা হয়েছে। এ বছর এই কেন্দ্রে এক হাজার ৪০০ রোগী সেবা নিয়েছে।
দর্শক-শ্রোতার মধ্য থেকে একজন চিকিৎসক প্রশ্ন করেন, আগুনে পোড়া একজন রোগী যার জীবনের আশা নেই, তার জন্য প্রশমন সেবা কতটুকু যৌক্তিক?
উত্তরে এরিক ক্রাকার বলেন, রোগীর ক্ষেত্রে আশা নেই এমন কোনো কথা মেনে নেওয়া যায় না। শিশু থেকে বৃদ্ধ যেকোনো বয়সের মানুষ আগুনে পুড়তে পারে।