আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে ১৪ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) উদ্ভাবিত আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে বছরে দুই মৌসুমে ধান চাষে ১৪ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরে বিআরআরআইয়ের মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় বিআরআরআইয়ের খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের কৃষি যন্ত্রপাতি-প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ (এফএমটিডি) প্রকল্পের উদ্যোগে পরিচালিত সমীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় কৃষিসচিব মনজুর হোসেন ছাড়াও বিজ্ঞানী, বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি ও কৃষকসহ শতাধিক প্রতিনিধি যোগ দেন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরআরআইয়ের খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের প্রধান এবং প্রকল্পের উপপরিচালক মো. আবদুর রহমান। তিনি জানান, শস্য ঝাড়াই, মাড়াই, আগাছা দমন ও কর্তনের কাজে বিআরআরআইয়ের উদ্যোগে ব্রি উইনোয়ার, ব্রি ওপেন ড্রাম থ্র্যাশার, ব্রি ক্লোজড ড্রাম থ্র্যাশার, ব্রি উইডার ও ব্রি রিপার উদ্ভাবন করা হয়েছে। প্রকল্পের আওতায় মাঠ প্রদর্শনী, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে ১০ জেলার ২০ উপজেলার কৃষক ও সম্প্রসারণ কর্মীদের কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং এর উপযোগিতা সম্পর্কে সচেতন করা হয়েছে। দুই বছরে ৬০ শতাংশ ভর্তুকিতে পাঁচ ধরনের দুই হাজার ১৮৫টি কৃষিযন্ত্র বিক্রি করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় যন্ত্রপাতি প্রস্তুতকারকদের কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। আবদুর রহমান বলেন, ইতিমধ্যে এ প্রকল্পের কার্যক্রমের ফলে তিন হাজার ৬০০ কৃষক উপকৃত হয়েছেন। প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে বিআরআরআইয়ের যন্ত্রপাতি ব্যবহারের আগে ও পরে উৎপাদিত ফসলের তথ্য সংগ্রহসহ কয়েকটি বিষয়ে সমীক্ষা করেন বিআরআরআইয়ের গবেষকেরা।ওই সমীক্ষার তথ্য তুলে ধরে কর্মশালার সভাপতি বিআরআরআইয়ের মহাপরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, প্রকল্প এলাকার প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০টি উপজেলায় বিআরআরআইয়ের যন্ত্রপাতি ব্যবহার করায় সেখানকার ধান চাষাবাদে প্রায় ১৯ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেই হিসাব অনুযায়ী, সারা দেশে আমন ও বোরো মৌসুম মিলিয়ে প্রায় ১০ লাখ হেক্টর জমির ধান চাষে ১৪ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।সমীক্ষাধীন এলাকার কৃষকেরা অনুষ্ঠানে বলেন, সনাতন পদ্ধতির পরিবর্তে বিআরআরআইয়ের উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে ধান চাষে তাঁদের ব্যয় ও কায়িক শ্রম কমেছে। এ ছাড়া অপচয় কমেছে এবং আয় বেড়েছে। কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মুকুল চন্দ্র রায়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল, বিআরআরআইয়ের গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর, পরিচালক (গবেষণা) মো. শমসের আলী, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (আইআরআরআই) বাংলাদেশ প্রতিনিধি টিমথি ডেভিড রাসেল প্রমুখ।