আধুনিক গণপরিবহন ছাড়া যাত্রী দুর্ভোগ নিরসন অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক গণপরিবহন ছাড়া যাত্রীদের দুর্ভোগ নিরসন করা অসম্ভব বলে মনে করেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা সরকারকে এদিকে মনোযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। এ জন্য টাস্কফোর্স গঠন করে ঢাকায় আধুনিক গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার দাবিও জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণপরিবহন সংকট: যাত্রী দুর্ভোগ উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব দাবি জানান। আলোচনার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আলোচনায় প্রথমে নৌ, এরপর রেল এবং সবশেষে সড়কপথে যোগাযোগব্যবস্থার ওপর জোর দেওয়ার দাবি জানানো হয়।
আলোচনার প্রধান অতিথি লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, গণপরিবহনব্যবস্থা বিপর্যস্ত হলে দেশের অর্থনীতিও বিপর্যস্ত হবে। কাজেই দেশ ও মানুষের স্বার্থেই এটি ঠিক হওয়া দরকার। কিন্তু আজকে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সমন্বিত উদ্যোগ না নিলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। গণপরিবহন খাতের দুর্নীতি একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি এই দুর্নীতি বন্ধের দাবি জানান।
গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, যোগাযোগমন্ত্রী সব সময় দৌড়ঝাঁপ করেন। কিন্তু কোনো দিন তাঁর মুখে রাজধানীর গণপরিবহনব্যবস্থা নিয়ে কিছু শোনা যায় না। অথচ একটি নতুন বাস নামাতে গেলে মালিকদের চাঁদা দিতে হয় সেটি সবাই জানে। আধুনিক গণপরিবহন গড়তে একটি টাস্কফোর্স দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই টাস্কফোর্স ঢাকাকে মডেল ধরে আধুনিক গণপরিবহনব্যবস্থা চালু করতে পারে। এটি সফল হলে সব জায়গায় চালু করা যায়।
আন্তর্জাতিক গণপরিবহন বিশেষজ্ঞ সালেহউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর উন্নত সব দেশে নাগরিকদের জন্য গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা হয়। কিন্তু বাংলাদেশে আসলে গণপরিবহন বলে কিছু নেই। বিআরটিসিকে শক্তিশালী করতে বিআরটিসির লোক দিয়েই প্রতিষ্ঠানটি পরিচালনার পরামর্শ দেন তিনি।
বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান বলেন, একটা শহর কত আধুনিক তা বোঝা যায় গণপরিবহন দেখে। কিন্তু ঢাকায় গণপরিবহনের অভাবে মানুষের দুর্ভোগের শেষ নেই।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন বলেন, চাঁদাবাজি আর সিন্ডিকেটের কাছে এই খাত জিম্মি। নাগরিক সংহতির সভাপতি শরিফুজ্জামান বলেন, বিনা বাধায় সব জায়গায় বিআরটিসির বাস যেন চলতে পারে। কিন্তু সেটি সম্ভব হয় না। এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন, কোনো বাস নেই, কিন্তু তিনিও দেখা যায় বাসমালিক সমিতির নেতা।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিভিন্ন দেশে বেসরকারিভাবে বাস নেটওয়ার্ক গড়ে কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হলেও আমাদের তা হচ্ছে না। গণপরিবহনের ৯০ শতাংশ মেয়াদোত্তীর্ণ। ৪৫ থেকে ৫০ শতাংশ চালক ভুয়া লাইসেন্সধারী। তাই অভিযানের ভয়ে গাড়িসহ তাঁরা উধাও হয়ে যান। আর যাত্রীদের যাতায়াত আরও দুর্বিষহ হয়ে ওঠে। অথচ ছয়টি বিভাগে ফিটনেস পদ্ধতি ডিজিটাল করতে কোটি টাকা ব্যয়ে স্থাপিত ‘যানবাহন পরিদর্শন কেন্দ্র’ চালু করলে যাত্রী নিরাপত্তা সুরক্ষিত হতো।