আধুনিক নগর গড়তে আজমতের ১০ দফা ইশতেহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রতিষ্ঠিত গাজীপুর সিটিকে আধুনিক নগরে রূপান্তর করতে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান। তিনি বলেছেন, নির্বাচিত হলে তিনি একজন সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকবেন।

নগরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল রোববার দুপুরে আজমত উল্লা এ ইশতেহার ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, জাহিদ আহসান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আক্তারুজ্জামান, আজমতকে সমর্থন প্রদানকারী আলোচিত মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম এ সময় বক্তৃতা করেন।

১০ দফার উন্নয়ন পরিকল্পনা ঘোষণাকালে আজমত উল্লা নগরভবনের প্রতিটি শাখাকে দুর্নীতিমুক্ত রেখে জবাবদিহিমূলক স্বচ্ছ প্রশাসন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের নিয়ে উন্নয়ন কমিটি গঠন করা হবে।

ইশতেহারে উল্লেখ করা হয়, সিটির চারদিকে বিভিন্ন এলাকাকে সংযোগ করে সুপ্রশস্ত রাস্তা নির্মাণ, টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত রেললাইনের পাশে রাস্তা নির্মাণ, জয়দেবপুর রেলক্রসিং, ভোগড়া বাইপাস মোড়, মীরের বাজার, কোনাবাড়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক-মহাসড়কের ওপর উড়ালসড়ক ও পথচারী সেতু নির্মাণ করা হবে। নাগরিক সেবা দিতে প্রতি ওয়ার্ডে কবরস্থান, কমিউনিটি সেন্টার, পার্ক, পাঠাগার, খেলার মাঠ, শিশুপার্কসহ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ ও সহায়তা প্রদান করা হবে।