আধুনিক পদ্ধতিতে ধান চাষে উৎপাদন বাড়ছে দক্ষিণের তিন জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর, গোপালগঞ্জ ও বাগেরহাট—এই তিনটি জেলায় ধান চাষের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। আধুনিক পদ্ধতিতে ধান চাষের মাধ্যমে ফসল উৎপাদন বাড়ছে। ফলে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে, কৃষকের আর্থসামাজিক উন্নতি ঘটছে।
গতকাল শনিবার পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্পের (ব্রি অঙ্গ) প্রথম মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিশেষজ্ঞরা। গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ভিআইপি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস। সভায় বক্তারা জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের (পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট) জেলাগুলো বৈরী কৃষি পরিবেশের কারণে অনুন্নত। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব এলাকায় ধানভিত্তিক লাগসই কৃষিপ্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের জন্য ২০১২-১৩ অর্থবছর থেকে পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প কার্যক্রম শুরু হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আইএডিপি-পিজিবি প্রকল্প সমন্বয়কারী পরিচালক গোলাম মোস্তফা, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) শাহজাহান কবীর এবং পরিচালক (গবেষণা) আনছার আলী। এতে প্রকল্প পরিচালক ছাড়াও বিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণবিদেরা উপস্থিত ছিলেন।