আধুনিক বার্ন ইনস্টিটিউট হচ্ছে
দেশেই আগুনে পোড়া মানুষের আধুনিক চিকিৎসা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৫২২ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্পও পাস করা হয়েছে। রাজধানীর চানখাঁরপুলে এ ইনস্টিটিউট হবে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর ২০১৬ সালের জানুয়ারি মাসে এ প্রকল্পের কাজ শুরু করবে। শেষ করবে ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে। সম্পূর্ণ স্থানীয় মুদ্রায় এ প্রকল্পের অর্থ দেওয়া হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, জনগণের আর্থিক সামর্থ্যের মধ্যে উন্নত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেবা দেওয়া হবে। এ ছাড়া এ ইনস্টিটিউটের মাধ্যমে স্নাতকোত্তর কোর্সের পাশাপাশি স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। এ ছাড়া বিভিন্ন দেশের এ জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরির পাশাপাশি গবেষণাও করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এত বড় ইনস্টিটিউট পৃথিবীর আর কোথাও নেই। ভবিষ্যতে এটি একটি নজির হবে। তিনি আরও বলেন, এ দেশে বছরে ছয় লাখ মানুষ কোনো না কোনোভাবে আগুনে পুড়ে। অথচ দেশে মাত্র ৫২ জন চিকিৎসক রয়েছেন। এ ধরনের চিকিৎসা সেবা দিতে ৪০০-এর মতো চিকিৎসক লাগবে। এ ইনস্টিটিউটের মাধ্যমে চিকিৎসকসহ দক্ষ জনশক্তিও তৈরি করা হবে।
অন্য প্রকল্প:
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এ টানেল নির্মাণের জন্য আট হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকার প্রকল্প পাস করা হয়েছে। এ প্রকল্পটি চলতি নভেম্বর মাসে শুরু হয়ে ২০২০ সালের জুন মাসে শেষ হবে। এ ছাড়া বাগেরহাটের মংলা, মৌলভীবাজার সদর, চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য ১২২ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্প পাস করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ২০১৬ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
আজকের একনেক সভায় ১৬ হাজার ৯৭৮ কোটি ৮০ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।