বরগুনার তালতলী থানা ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ২০ শয্যার দুটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হলেও চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে তা দীর্ঘ দিনেও চালু হয়নি। ফলে এই দুই এলাকার প্রায় আড়াই লাখ মানুষ এবং কুয়াকাটায় ভ্রমণ করতে আসা বিপুলসংখ্যক পর্যটক চিকিৎসাসেবা পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, তালতলী থানা সদরে ২০০৭ সালে এবং সাগরসৈকত কুয়াকাটায় ২০১০ সালে ২০ শয্যার দুটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়। এসব স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটিতে পদায়ন অনুযায়ী একজন করে এমবিবিএস চিকিৎসক, একজন মেডিকেল টেকলজিস্ট (ল্যাব), একজন ফার্মাসিস্ট ও পাঁচজন সেবিকাসহ ১৫ জন কর্মচারীর পদ রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই দুটি স্বাস্থ্যকেন্দ্রে জনবল নিয়োগের জন্য বার বার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিলেও কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। স্থানীয় লোকজন জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ স্বাস্থ্যকেন্দ্রটি চালু না হওয়ায় এখন রোগীদের চিকিৎসার জন্য যেতে হয় ৩৫ কিলোমিটার দূরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর বরগুনায়, যা বিত্তবান রোগীদের পক্ষে সম্ভব হলেও দরিদ্র রোগীদের পক্ষে অসম্ভব। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মদন জি পাল বিষয়টি স্বীকার করে বলেন, ‘তালতলী স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে একজন ফার্মাসিস্ট নিয়োগ দিয়ে কোনো রকম বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। আমরা চিকিৎসক ও অন্যান্য সুযোগ-সুবিধা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি কিন্তু কোনো ফল হচ্ছে না।’ অন্যদিকে সমুদ্রসৈকত কুয়াকাটায় ২০০৮ সালে ২০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণকাজ শুরু হয়। ২০১০ সালে ১৭ জুন নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর ওষুধ ও অন্যান্য সুযোগ-সুবিধা ছাড়াই একজন চিকিৎসক ও একজন উপসহকারী মেডিকেল অফিসার দিয়ে কার্যক্রম শুরু হয়। কিন্তু গত ৩ জানুয়ারি থেকে এই স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক আফরোজা আকতার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ছুটিতে গিয়ে আর ফিরে আসেননি। উপসহকারী মেডিকেল অফিসার শাহ আলম বর্তমানে এখানে দায়িত্ব পালন করছেন। শাহ আলম বলেন, ‘চিকিৎসক আফরোজা আকতার ছুটিতে যাওয়ার পর আর ফিরে আসেননি। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এমনকি তাঁকে মুঠোফোনে ফোন করলেও তিনি তা ধরছেন না।’ স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক কার্যালয়ের উপপরিচলক (প্রশাসন) মোশতাক আল মেহেদী বলেন, বরিশাল বিভাগে স্বাস্থ্য বিভাগের ৪৬ ভাগ চিকিৎসকের পদ বর্তমানে শূন্য রয়েছে। তিনি বলেন, ‘তালতলী ও কুয়াকাটার স্বাস্থ্যকেন্দ্র দুটি এখনো উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তর হয়নি। আমরা হাসপাতাল দুটি চালু করতে জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’