‘বাংলাদেশে এখনো আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে না ওঠায় ভূমির মালিকানা ও ভূমিবিষয়ক বিভিন্ন পক্ষের আইনি লড়াই পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণে আমরা সমস্যার মুখোমুখি হচ্ছি। এ ক্ষেত্রে ডিজিটালাইজেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ গতকাল শনিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কুমারখালী গুচ্ছগ্রামে আশ্রয় পাওয়া ভূমিহীন পরিবারগুলোর মধ্যে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এ কথা বলেন।দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার জনগণের পুনর্বাসন প্রকল্পের (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্ট) আওতায় কুমারখালী গ্রামে প্রায় সাড়ে তিন একর জমি নিয়ে এই গুচ্ছগ্রাম গড়ে তোলা হয়েছে। ৫১ লাখ ১৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মিত এই গুচ্ছগ্রামে ৪০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্টের আঞ্চলিক প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসেন ও বেতাগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্বপন দাস।