আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষিতে ব্যাপক পরিবর্তন আনবে। কৃষক স্বাবলম্বী হবেন। ধানসহ রবিশস্য বপন, রোপণ, কাটা, মাড়াইয়ে শ্রমিক-সংকট দূর হবে এবং আর্থিকভাবে লাভবান হবেন কৃষক।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় যন্ত্রের সাহায্যে ধান কাটা, মাড়াই ও রবিশস্য বপন অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষি বিশেষজ্ঞরা।
এলাকার কয়েকজন কৃষক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) ধানভিত্তিক শস্য বিন্যাসে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ওপর ওই অনুষ্ঠানের আয়োজন করে। দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে ও বেসরকারি প্রতিষ্ঠান বিডিএসের সার্বিক সহযোগিতায় ইরি ওই অনুষ্ঠান করে।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক হালিম সরদার। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলার কৃষি কর্মকর্তা মো. আলমগীর বিশ্বাসসহ কয়েকজন কৃষক।
এ সময় কৃষি কর্মকর্তারা বলেন, বর্তমানে কৃষি উৎপাদনে খরচ বহুগুণ বেড়ে গেছে। স্বাভাবিকভাবে এক একর জমির ধান কাটতে কৃষকের খরচ হয় পাঁচ হাজার টাকা। কিন্তু যন্ত্রের মাধ্যমে কাটলে খরচ হবে এক হাজার ৫০০ টাকা। ধান ও রবিশস্য রোপণ, কাটা, মাড়াই যন্ত্রের সাহায্যে করতে পারলে কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারবেন। শ্রম মজুরি কমে আসবে। সে জন্য আধুনিক যন্ত্র ব্যবহার করা জরুরি।
অনুষ্ঠানে মাঠ থেকে ধান কেটে মাড়াই করে দেখানো হয়। পরে একই জমিতে মসুর বীজ বপন করা হয়। এতে কৃষকেরা উজ্জীবিত হন।