আধুনিক যুগের সেকেলে স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যায় সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। এখানে বিদ্যুৎ, টেলিফোন, প্ল্যাটফর্ম ও শৌচাগার নেই। যাত্রীদের বসার স্থান নেই বললেই চলে। এতে এখানে এসে যাত্রীরা দুর্ভোগ পোহান।
বিদ্যুৎ না থাকায় রাতের ট্রেনে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। গত মার্চ মাসে স্টেশনে বিদ্যুৎ-সংযোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, ছকাপন স্টেশনটি ১৯৭৫-৭৬ অর্থবছরে স্থাপিত হয়। স্থাপনের পর স্টেশনটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্টেশনটিতে বিদ্যুৎ না থাকায় রাতের বেলা এলাকাটি অন্ধকারে ডুবে থাকে। এতে যাত্রীদের অন্ধকারে ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠানামা করতে হচ্ছে। অন্ধকারের কারণে অনেক সময় ট্রেন স্টেশনে না থেমে স্টেশন ছেড়ে সামনে চলে যায়। তখন চালককে ট্রেনটি আবার স্টেশনে ফিরিয়ে আনতে হয়। স্টেশনটিতে প্ল্যাটফর্ম নেই। স্টেশনে টেলিফোন-সংযোগ না থাকায় যাত্রীরা ট্রেনের সময়সূচি বা অবস্থান জানতে পারেন না। একজন কর্মকর্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্টেশনটি চালানো হচ্ছে।
ছকাপন রেলস্টেশন সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন এই স্টেশন হয়ে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী সুরমা মেইল সকাল ১০টা ৪০ মিনিটে, চট্টগ্রাম থেকে আসা জালালাবাদ এক্সপ্রেস সকাল ৮টা ৫২ মিনিটে এবং আখাউড়া থেকে আসা কুশিয়ারা এক্সপ্রেস বেলা ১১টা ২০ মিনিটে এখানে আসে। একইভাবে সিলেট থেকে ছেড়ে আসা কুশিয়ারা বিকেল ৬টা ২০ মিনিটে, সুরমা মেইল রাত ৯টা ৫৫ মিনিটে এবং জালালাবাদ রাত ১২টা ১২ মিনিটে এখানে আসে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ভুকশিমইল ও কাদিপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পড়ায় এলাকার শতাধিক মানুষ প্রতিদিন এই স্টেশন দিয়ে ট্রেনে যাতায়াত করেন। এ ছাড়া স্কুল-কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ট্রেনে সিলেট ও কুলাউড়া আসা-যাওয়া করেন। যাত্রীদের বসার জন্য একটি বেঞ্চ আছে। এখানে একসঙ্গে ১৫ জনের বেশি বসতে পারেন না।
ছকাপন গ্রামের বাসিন্দা স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আবদুল হামিদ মাহফুজ বলেন, অনেক পুরোনো হলেও এই স্টেশনে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিদ্যুৎ না থাকায় যাত্রীরা রাতের বেলা স্টেশনে চরম দুর্ভোগে পড়েন। সিলেট-আখাউড়া সেকশনের মোটামুটি সব স্টেশনেই ডেমু কমিউটার ট্রেন থামলেও ছকাপনে স্টপেজ নেই। এখানে থামলে প্রচুর ছাত্রছাত্রীর আসা-যাওয়ার সুবিধা হতো।
ছকাপন রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার মো. আবুল বাসার বলেন, ‘বিদ্যুৎ ও টেলিফোন না থাকায় খুব কষ্টে কাজ করছি। রাতে অন্ধকারে দাঁড়িয়ে ট্রেনের পাস দিই। বিষয়টি নিয়ে ওপরে অনেকবার লেখালেখি করেছি।’ তিনি আরও জানান, এখানে ন্যূনতম দুজন দায়িত্বে থাকার কথা। কিন্তু তিনি একাই দায়িত্ব পালন করছেন।
ছকাপন রেলস্টেশনে বিদ্যুৎ-সংযোগের দাবিতে এলাকাবাসী গত ২০ মার্চ রেলওয়ের সিলেট কার্যালয়ে একটি লিখিত আবেদন করেন। ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সিরাজুল ইসলাম আবেদনটি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আবেদনটি আমি ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আগেও এই স্টেশনে বিদ্যুৎ-সংযোগের প্রস্তাব করেছি। বিদ্যুৎ না থাকায় ট্রেনে ওঠানামায় যাত্রীদের সমস্যা হচ্ছে।’
পশ্চিমাঞ্চল রেলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের স্টেশন বিভিন্ন ক্যাটাগরির থাকে। সব স্টেশন এক রকম নয়। এখানে সব সুযোগ না-ও থাকতে পারে। এ ছাড়া আমাদের স্টেশনমাস্টারের সংকট আছে। এরপরও এলাকাবাসী দাবি জানালে আমরা স্টেশনের বিষয়টি দেখব।’