আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত প্রচেষ্টায় রাঙামাটি পৌরসভাকে দুর্গন্ধমুক্ত, আধুনিক, পরিচ্ছন্ন পর্যটন ও অসাম্প্রদায়িক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ এবং পৌরসভার সাবেক ও নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা।
গতকাল রোববার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি পৌরসভার বিদায়ী ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বিদায় ও বরণ অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম বলেন, ‘সাবেক ও বর্তমান মেয়র এবং কাউন্সিলররা যদি রাঙামাটি পৌরসভার জনসাধারণকে তাঁদের কাজের মাধ্যমে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারেন, তাহলে অর্থপূর্ণ উন্নয়ন সম্ভব। আমাদের স্বাধীনতাসংগ্রামে সারা দেশের মানুষের মতো এখানকার মানুষও দল-মত-সম্প্রদায়নির্বিশেষে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।’
নবনির্বাচিত মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, ‘রাঙামাটি পৌরসভার সব জনগণকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে।’ তিনি বলেন, রাঙামাটি পৌরসভা শুধু রাঙামাটি পৌরবাসীর নয়, পর্যটন শহর হিসেবে দেশি-বিদেশি পর্যটকদেরও। তাই দুর্গন্ধমুক্ত, পরিচ্ছন্ন ও অসাম্প্রদায়িক চেতনার শহর হিসেবে রাঙামাটিকে সবার কাছে পরিচিত করতে হবে।
বিদায়ী মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘পৌরসভার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। কিছু কিছু কাজও শুরু হয়েছে। এ কাজ বাস্তবায়নে আমার সহযোগিতা সব সময় থাকবে।’ তিনি বলেন, ‘সেবামূলক কাজ করতে গিয়েও নানাভাবে বাধা পেয়েছি। আশা করি, নবনির্বাচিত পৌর পরিষদ সেসব বাধা অতিক্রম করতে পারবে।’
রাঙামাটি পৌরসভার সাবেক তিন চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান ও মো. হাবিবুর রহমান প্রায় একই সুরে বলেন, বিভিন্ন কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় রাঙামাটি পৌরসভা অনেক আয় ও অধিকার থেকে বঞ্চিত হয়। যা পৌরসভার কার্যক্রমে খারাপ প্রভাব ফেলে।
রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরপর দুবার নির্বাচিত কাউন্সিলর কালায়ন চাকমা ও সংরক্ষিত আসনের বিদায়ী কাউন্সিলর রোকসানা বেগম।