শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিকতার সমন্বয় জরুরি। নতুন প্রণীত শিক্ষানীতি কোনো দলের নয়, সমগ্র জাতির বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। নুরুল ইসলাম নাহিদ বলেন, দল-মতনির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে পরামর্শ করে এ নীতি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে মিশন অডিটরিয়াম ভবনে আয়োজিত খান বাহাদুর আহ্ছানউল্লাহ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।২০০৯ সালের জন্য স্বর্ণপদক পান কেন্দ্রীয় কচিকাঁচা মেলার পরিচালক ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। অনুষ্ঠানে খান বাহাদুর আহ্ছানউল্লাহর জীবনাদর্শ তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খোন্দকার সিরাজুল হক।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, খান বাহাদুর আহ্ছানউল্লাহ শুধু ইতিহাস নন, একাধারে বর্তমান ও ভবিষ্যৎ। তাঁর নাম, কাজ ও গুণাবলি ধারণ করে আহ্ছানিয়া মিশন বিভিন্ন বহুমুখী কাজের মাধ্যমে সমাজে বিশেষ অবদান রাখছে। তিনি বলেন, আধুনিক শিক্ষাকে যুগোপযোগী করে নৈতিকতার সহযোগে নতুন প্রজন্মকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। ইব্রাহিম খালেদের সংক্ষিপ্ত পরিচিতি ও সম্মাননাপত্র পড়েন আ শ ম বাবর আলী। এ ছাড়া ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহছানুর রহমান, জাহিদুজ্জামান ফারুক, রাজশাহীর শাহ মখদুম ডিগ্রি কলেজের অধ্যক্ষ তসিকুল ইসলাম ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বক্তব্য দেন।