আধুনিক হচ্ছে যাত্রীছাউনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামল​ী শিশুমেলার সামনের যাত্রীছাউনিটি দোকানপাটসহ গতকাল গুঁড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
শ্যামল​ী শিশুমেলার সামনের যাত্রীছাউনিটি দোকানপাটসহ গতকাল গুঁড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে থাকা যাত্রীছাউনিগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দোকানপাটসহ জরাজীর্ণ হয়ে পড়া দুটি যাত্রীছাউনি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। ছাউনিগুলো আধুনিক সুযোগ-সুবিধা ও যাত্রীবান্ধব করে নির্মাণ করা হবে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
ডিএনসিসি সূত্র জানায়, তাদের এলাকায় ১০০টির মতো যাত্রীছাউনি রয়েছে। এর মধ্যে করপোরেশনের তত্ত্বাবধানে আছে ২৯টি। সেগুলোও ঠিকমতো দেখভাল করা হয় না বলে অভিযোগ আছে। পথচারীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, প্রখর রোদ কিংবা হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে বা গন্তব্যে পৌঁছানোর গাড়ি না আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য এসব যাত্রীছাউনি তৈরি করা হলেও তাঁরা এগুলো ব্যবহার করতে পারেন না।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, যাত্রীছাউনিগুলো থেকে নাগরিকেরা সেবা পাচ্ছেন না। সবগুলোই ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এগুলো ভেঙে আধুনিক যাত্রীছাউনি করা হবে। সেখানে যাত্রীদের বসার, খাওয়ার পানির সুব্যবস্থা থাকবে। সঙ্গে ভালো গণশৌচাগার থাকবে। অবশ্যই কোনো ধরনের দোকান থাকবে না।
রাজধানীতে যাত্রী বা পথচারীদের জন্য তৈরি করা ছাউনিগুলোর বেশির ভাগই দখল হয়ে গেছে। অনেকগুলো পড়ে আছে অযত্ন-অবহেলায়। কোনোটিতে এক পাশে বসেছে দোকান, অন্য পাশ হকারদের দখলে। কোনোটিতে যাত্রীদের বসার বেঞ্চ পর্যন্ত তুলে ফেলা হয়েছে। ডিএনসিসি এলাকায় কয়েকটি যাত্রীছাউনি ঘুরে এমন অবস্থা দেখা গেছে।
শ্যামলীর শিশুমেলার সামনের ফুটপাতের ওপর তৈরি যাত্রীছাউনিতে বসার কোনো জায়গা ছিল না। ভেতরে গড়ে উঠেছিল অবৈধ দোকানপাট, খাবার হোটেল। যাত্রীছাউনিতে গড়ে ওঠা দোকানের চুলা বসানো হতো ফুটপাতের ওপরে। গত বৃহস্পতিবার ডিএনসিসি অভিযান চালিয়ে শিশুমেলার সামনের এই যাত্রীছাউনিতে গড়ে ওঠা দোকানপাটসহ পুরো ছাউনি ভেঙে দিয়েছে। একইভাবে ভেঙে ফেলা হয়েছে আসাদগেট পদচারী-সেতুর পাশের যাত্রীছাউনি। এই ছাউনিতেও যাত্রীদের দাঁড়ানো বা বসার কোনো জায়গা ছিল না। গড়ে উঠেছিল দোকানপাট।
গতকাল রোববার এই দুটি যাত্রীছাউনি ঘুরে দেখা যায়, ভাঙা ছাউনির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। ইট, রড, টিন স্তূপ করে ফেলা। লোকজন এগুলোর সামনে দাঁড়িয়ে ভেঙে ফেলার বিষয়ে নানান কথা বলছেন। তবে অন্তত পাঁচজন বলেন, নতুন করে ছাউনি করা হলে তা যেন যাত্রীদের ব্যবহারের উপযোগী থাকে। দোকানপাট না থাকে।
শ্যামলীর শিশুমেলা থেকে আসাদগেট পর্যন্ত আরও কয়েকটি ছাউনি আছে। এর মধ্যে সিটি করপোরেশনের পাশাপাশি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ছাউনিও আছে। সবগুলো ছাউনিতেই গড়ে উঠেছে দোকান। কোনো কোনোটিতে উচ্ছেদ বা অপসারণে উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে—এমন সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে।
কলেজগেট এলাকার যাত্রীছাউনির বাইরে দাঁড়িয়ে থাকা জুনায়েদ খান বলেন, যাঁদের জন্য ছাউনি, তাঁরাই ব্যবহার করতে পারেন না। বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ছাউনিতে বসা তো দূরের কথা, লোকে একটু দাঁড়াবে, সে উপায় নেই।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের একটি ছাউনির আল-আমিন ফার্মেসির মনির বলেন, ‘৩০ বছর ধরে এই ছাউনিতে ব্যবসা করছি। বৃহস্পতিবার শ্যামলীতে একটি ছাউনি উচ্ছেদ করবে শুনে এখানকার দোকানদারেরা মালপত্র সরিয়ে নিয়েছিল। সরকার যদি দোকান তুলে দেয়, তাহলে আমাদের তো কিছু করার নাই।’