আধুনিক হাসপাতালে অর্ধেক জনবল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন বহির্বিভাগে চার শতাধিক ও জরুরি বিভাগে শতাধিক রোগী দেখা হয়। ১০টি ওয়ার্ডের ২৫০ শয্যার হাসপাতাল। অত্যাধুনিক অস্ত্রোপচারকক্ষ, পর্যাপ্ত ওষুধ-পথ্য সব আছে। নেই কেবল বিশেষজ্ঞ চিকিৎসক, যন্ত্রকারিগর, সেবিকাসহ প্রয়োজনীয় জনবল। সিভিল সার্জন মো. মওদুদ হোসেন হাসপাতালটির এই দুর্দশার কথা স্বীকার করেছেন।হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষাকার্যক্রম শুরু হয়। কলেজের প্রয়োজনে কোনো প্রকার জনবল বৃদ্ধি না করে সদর আধুনিক হাসপাতালটি ১০০ থেকে আড়াই শ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়। ২০১০ সালে মেডিকেল কলেজের পাশে নবনির্মিত ৫০০ শয্যার হাসপাতাল চালু হয়। এর পর থেকে এই হাসপাতালটি হয়ে পড়েছে বিশেষজ্ঞ চিকিৎসকশূন্য। ডেপুটি সিভিল সার্জন মো. আহাদ আলী জানান, তিনতলাবিশিষ্ট ছয়টি বিশাল ভবনের হাসপাতালটিতে তিনটি অত্যাধুনিক অস্ত্রোপচারকক্ষ আছে। কিন্তু দক্ষ দল নেই। জ্যেষ্ঠ কনসালট্যান্ট দ্বিজেন্দ্র চন্দ্র বর্মণ, মো. হযরত আলী এবং শহরের আরবান ডিসপেনসারি থেকে ধার করে আনা চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক আলী অস্ত্রোপচারের যাবতীয় কাজ করেন। মো. আহাদ আলী বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও জনবল-কাঠামো ১০০ শয্যারই রয়ে গেছে। সেই কাঠামোতে সাতজন জ্যেষ্ঠ কনসালট্যান্টসহ ৩৪ জন চিকিৎসকের পদ আছে। কিন্তু এর মধ্যে ১৯টি পদই শূন্য আছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট, প্যাথলজি, চক্ষু ও অ্যানেসথেটিস বিভাগের কনিষ্ঠ কনসালট্যান্ট পদ শূন্য আছে। ইএনটি বিভাগে একজন ছাড়া সার্জারি, মেডিসিন এবং গাইনি বিভাগে দুজন করে সহকারী রেজিস্ট্রারের মোট সাতটি পদে একজনও নেই। অ্যানেসথেটিস, প্যাথলজিস্ট এবং জরুরি বিভাগে চারজন চিকিৎসা কর্মকর্তার পদে কেউ নেই।সূত্রটি জানায়, হাসপাতালটিতে প্রথম শ্রেণীর কর্মকর্তাসহ ৩৪টি কর্মকর্তা-কর্মচারীর পদের ২০টিই শূন্য আছে। তৃতীয় শ্রেণীর কর্মচারীর ছয়টি এবং চতুর্থ শ্রেণীর চারটিসহ ২৮টি পদে কোনো লোক নেই। হাসপাতালের চিকিৎসক মো. মোবারক হোসেন বলেন, আগে ইন্টার্নি চিকিৎসকেরা ওয়ার্ডে রোগী ব্যবস্থাপনার কাজ করতেন। কিন্তু বর্তমানে চিকিৎসক দূরের কথা, সেবিকা, আয়া, বয় পর্যন্ত পাওয়া যায় না। হাসপাতালটির স্ত্রীরোগ ওয়ার্ডে গত রোববার গিয়ে দেখা যায়, ৪০টি বিছানার প্রতিটিতে রোগী আছে। ২ নম্বর বিছানার রোগী জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তিনি মা হয়েছেন। দু-একটি ছাড়া সব ওষুধ হাসপাতাল থেকেই দিয়েছে। খাবারও পেয়েছেন। কিন্তু তিন দিনেও কোনো চিকিৎসক তাঁকে দেখতে আসেননি। এমনকি দেখাশোনার জন্য সেবিকাও নেই। ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স সেলিনা আক্তার জানান, এই বিভাগে একজন মাত্র কনসালট্যান্ট। নারী সার্জারি ওয়ার্ডের খালি বিছানাগুলো দেখিয়ে বলেন, এগুলো পেয়িং বেড। আগে রোগী ভর্তি থাকত। কিন্তু ডাক্তার নেই, তাই রোগীও কমে গেছে।নারী মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, পেয়িং বিছানায় কোনো রোগী নেই। জ্যেষ্ঠ স্টাফ নার্স জ্যোৎস্না আরা বলেন, চিকিৎসক নেই, সেবিকা নেই। শহরের বালুয়াডাঙ্গা এলাকার শিক্ষক মো. একরামুল হক বলেন, পেটের ডান পাশে প্রচণ্ড ব্যথা নিয়ে দিনাজপুর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচার শেষে পাঁচ দিন পর বাড়ি ফেরেন। মাত্র ৫০০ টাকা নিজের পকেট থেকে ব্যয় হয়েছে। কিন্তু চিকিৎসকের দেখা মিলেছে মাত্র এক দিন।হাসপাতালের নিচতলায় রক্ত পরিসঞ্চালন বিভাগের ল্যাব সহকারী গিরিজা প্রসুন্ন রায় বলেন, তিনিসহ একজন মাত্র কারিগর ছাড়া কোনো চিকিৎসক বা জনবল নেই।প্যাথলজি বিভাগের কারিগর কমলেন্দু পাল জানান, বিভাগটিতে দুজন চিকিৎসকের পদ আছে। কিন্তু চিকিৎসক নেই একজনও। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন কনসালট্যান্ট প্রথম আলোকে বলেন, দুই বছর আগেও প্রতিটি ওয়ার্ডে ৬০ জনের বেশি রোগী ভর্তি থাকত। কিন্তু জনবল-সংকটের কারণে বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে একজন জটিল রোগী ভর্তির পর বলা সম্ভব নয়, রোগীর কী হাল হবে? ডেপুটি সিভিল সার্জন মো. আহাদ আলী বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ আছে। অস্ত্রোপচার বা চিকিৎসায় রোগীদের এক টাকাও খরচ করতে হয় না।সিভিল সার্জন মো. মওদুদ হোসেন বলেন, দিনাজপুর দেশের অনেক পুরোনো এবং বড় জেলা। শহরে সুবিধাজনক স্থানে এটি প্রতিষ্ঠিত। ১৮ বছর আগে ১০০ শয্যার এই হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু জনবল-কাঠামো রয়ে গেছে ১০০ শয্যারই। তার মধ্যে আবার অর্ধেকের বেশি চিকিৎসক নেই। দুরবস্থার কথা তুলে ধরে অধিদপ্তর, মন্ত্রণালয়ে লিখিত, মৌখিক এবং সরাসরি অনেক যোগাযোগ করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। রোগীর চাপের কারণে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এনে কোনোমতে হাসপাতাল চালানো হচ্ছে।