এক বছরেও প্রতিস্থাপন করা হয়নি ট্রান্সফার টেবিল। গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিকল। আধুনিকায়ন প্রকল্পের অধীনে নির্মাণ করা শেড দিয়ে পড়ে পানি। এ অবস্থায় দেশের বৃহত্তম রেল কারখানা নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে ১৭ নভেম্বর দেখা যায়, রেল কোচ এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক উপকারখানা থেকে আরেকটিতে (শপ টু শপ) নেওয়ার কাজে ব্যবহৃত ট্রান্সফার টেবিলটি পুনঃস্থাপনের কাজ চলছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যাভি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (এইচইসি) কর্মীদের এ কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
কারখানার শ্রমিকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাঝেমধ্যেই কাজ ফেলে রেখে ভারতে চলে যায়। ফলে ট্রান্সফার টেবিলটি স্থাপনে দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। কারখানার উৎপাদনে এর প্রভাব পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন প্রকৌশলী বলেন, ১৮৭০ সালে স্থাপিত এই কারখানার আধুনিকায়নের কাজ শুরু হয় ২০১১ সালে। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর আগামী ৩১ ডিসেম্বর এ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এ প্রকল্পের মধ্যে ছিল অবকাঠামো উন্নয়নসহ ৪৩টি নতুন মেশিন স্থাপন। সব মিলিয়ে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ৯৯ লাখ টাকা।
সূত্রটি আরও জানায়, আধুনিকায়ন কাজের মান তেমন উন্নত হচ্ছে না। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে তদন্ত হওয়া দরকার। তাঁরা অভিযোগ করেন, প্রকল্পটির আওতায় ২৯টি শপে নির্মাণ করা শেডগুলো দিয়ে গত বর্ষায় অবিরাম বৃষ্টির পানি ঝরেছে। এতে কারখানার কর্মঘণ্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কথা হয় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এইচইসির প্রকৌশলী শ্রী আনান্দের সঙ্গে। তিনি বলেন, এক মাসের মধ্যেই ট্রান্সফার টেবিল সচল করা সম্ভব হবে। এরই মধ্যে এর ভৌত অবকাঠামো (সিভিল) পুনঃস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই শুরু হবে মূল যন্ত্র সংযোজনের কাজ।
এদিকে সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক (ডব্লিউএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা বলেন, ট্রান্সফার টেবিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই টেবিল স্থাপনে সময়সীমা ছিল মাত্র সাড়ে তিন মাস। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ১৬ নভেম্বর কাজটি শুরু করে এক বছরেও এটির নির্মাণ সম্পন্ন করতে পারেনি। এতে কারখানার স্বাভাবিক উৎপাদনে অনেকটাই ভাটা পড়েছে বলে তিনি স্বীকার করেন।
কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের (সিএনডব্লিউ) শ্রমিক (ফিটার) জহীর হোসেন বলেন, এই শপে মিটারগেজ (ছোট) লাইনের চাকা রেলপথে চলার উপযোগী করতে যে মেশিন ব্যবহার করা হয়, এর নাম হুইল টার্নিং মেশিন। মেশিনটি গত ২১ অক্টোবর বিকল হয়। এতে করে মিটারগেজ লাইনে চাকা সংযোজন বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে শ্রমিক লীগের সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তৎপরতা না বাড়ালে বর্ধিত সময়েও এই কারখানার আধুনিকায়নের কাজ শেষ করতে পারবে না বলে মনে হয়।
কারখানা সূত্রে জানা গেছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি মাসে এ কারখানা থেকে চারটি রেল কোচ মেরামত হয়ে বের হওয়ার (আউট টার্ন) কথা। কিন্তু মেশিন বিকলসহ নানা সংকটে দিনে দিনে উৎপাদন কমে যাচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন সমস্যা স্বীকার করে বলেন, ‘বিষয়টি আমার তদারকিতে নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা এ নিয়ে বলতে পারবেন।’
কারখানাটির আধুনিকায়ন প্রকল্পের পরিচালক (পিডি) হারুন-অর-রশিদ বলেন, কোনো অনিয়ম হচ্ছে না। মেয়াদের আগেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।