আনন্দ, আলোচনায় বঙ্গবন্ধুর জন্মদিন উযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ শোভাযাত্রা, শিশু সমাবেশ, কেক কাটা, আলোচনা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার খুদে শিক্ষার্থীরা দুই কিলোমিটার দীর্ঘ ক্যানভাসজুড়ে ছবি এঁকে দিনটি উদ্যাপন করেছে। তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও আনন্দনিকেতন স্কুলের প্রায় চার হাজার শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল আলীম খান ওয়ারেশীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
রংপুরে সকাল ১০টায় জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন। টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
ঠাকুরগাঁও শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সুন্দরগঞ্জে দেয়াল পত্রিকা উৎসব দেয়ালিকায় বঙ্গবন্ধু ও মেধা অন্বেষণবিষয়ক জিনিয়াস সুন্দরগঞ্জের আয়োজন করা হয়। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জিনিয়াস সুন্দরগঞ্জ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও গোলাম কিবরিয়া। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন প্রমুখ।
কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেক কেটে দিবসটির সূচনা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ জাফর আলী, সহসভাপতি চাষী করিম, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার প্রমুখ বক্তব্য দেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কলেজ মোড়ের স্বাধীনতার বিজয়স্তম্ভ থেকে শোভাযাত্রা বের হয়। পরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং বঙ্গবন্ধুর জীবনী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নীলফামারীতে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলম। জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। হুইপ ইকবালুর রহিম এতে প্রধান অতিথি ছিলেন।
লালমনিরহাটে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান ফেরদৌসি বেগম। বক্তব্য দেন রোটারিয়ান ফজলুল হক, প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ফারহানা খাতুন প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুরে কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নির্ধারিত বক্তৃতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আখতার হোসেন, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম বাবু প্রমুখ।
রংপুরের তারাগঞ্জের শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও জিলুফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তাসলীমা বেগম, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম প্রমুখ।