আনন্দ আয়োজনে বড়দিন উদ্যাপিত
দুই হাজার বছরেরও আগে বেথলেহেমের এক গোয়ালঘরে জন্ম নিয়েছিল এক শিশু। পরে সেই শিশুই পরিগণিত হয়েছিলেন পাপী-তাপী মানুষের মুক্তির দূত হিসেবে। ২৫ ডিসেম্বর ছিল সেই যিশুখ্রিষ্টের জন্মদিন। দেশের খ্রিষ্টান সম্প্রদায় গত শুক্রবার উৎসবমুখর পরিবেশে যিশুখ্রিষ্টের জন্মদিনে তাদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদ্যাপন করেছে।
এদিন রাজধানীসহ সারা দেশের গির্জাগুলোতে সকালের বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়। যিশুখ্রিষ্টের জন্মক্ষণ স্মরণে অনেকের বাড়ি এবং গির্জায় তৈরি করা হয় প্রতীকী গোশালা। ছিল রঙিন কাগজের ফুল এবং আলোর বিন্দু দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি আর বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। টুকটুকে লাল পোশাক পরা সফেদ দাড়ি-গোঁফের বুড়ো সান্তা ক্লজ উপহারের ব্যাগ কাঁধে নিয়ে ছোট্ট সোনামণিদের হাতে তুলে দেন মজার মজার উপহার। অতিথি-অভ্যাগতদের আপ্যায়ন করা হয় হৃদয়ের উষ্ণতায়।
বড়দিনের আগের সন্ধ্যায় গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়। বড়দিনের সকালে খ্রিষ্টধর্মাবলম্বীরা গির্জায় সমবেত হয়ে প্রার্থনায় যোগ দেন।
রাজধানীর তারকাখচিত হোটেলগুলোতে বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় ক্রিসমাস পার্টির। জাতীয় পত্রিকাগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করে। বেতার, টেলিভিশনে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা।
বড়দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর স্ত্রী মিসেস রাশিদা খানম শুক্রবার বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এর আগে বড়দিন উপলক্ষে পৃথক বাণীতে দেশের খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং সংগঠনটির মহাসচিব নির্মল রোজারিও বড়দিন উপলক্ষে এক যৌথ বিবৃতিতে বলেন, সংঘাতপূর্ণ অশান্ত এই পৃথিবীতে আজ যিশুখ্রিষ্টের আদর্শ ও শিক্ষা অনুসরণ করা জরুরি হয়ে পড়েছে।