শোভাযাত্রা, আলোচনা সভা, প্রীতি ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৪তম বিশ্ববিদ্যালয় দিবস। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
গতকাল সকালে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনের সূচনা হয়। বেলা ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল মান্নান। চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। উচ্চ মানসম্পন্ন প্রকৌশল শিক্ষা নিশ্চিত করে বিশ্বমানের প্রকৌশলী তৈরি করতে হবে।
সভায় বক্তব্য দেন পুরকৌশল অনুষদের ডিন মো. হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. মোস্তফা কামাল ও রেজিস্ট্রার অধ্যাপক ফারুক উজ জামান চৌধুরী।
এ ছাড়া দিবসটি উপলক্ষে চুয়েটের পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। বিকেলে কেন্দ্রীয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।