আনন্দ-উচ্ছ্বাসে নৌকাবাইচ উপভোগ

বিশাল ফসলি জমিতে (স্থানীয় ভাষায় চক) বুকসমান পানি। সেই পানিতে গতকাল শুক্রবার বিকেলে আয়োজন করা হয় নৌকাবাইচ। আনন্দ আর উচ্ছ্বাসে এই বাইচ উপভোগ করে হাজারো মানুষ। মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামবাসী এই নৌকাবাইচের আয়োজন করে।
সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫২টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় আমিনুর রহমানের নৌকা প্রথম ও আকাশ পাখির নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দিঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু জাফর শিকদার, নৌকাবাইচের উদ্যোক্তা হোসেন মোল্লা, সাবেক ইউপি সদস্য জহির উদ্দিন, সমাজসেবক লাভলু মিয়া, গোলাম আলী, আবদুল খালেক প্রমুখ।
হোসেন মোল্লা বলেন, গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম হচ্ছে নৌকাবাইচ। এটি সংস্কৃতিরও অংশ। সবার সহযোগিতায় আগামী বছর আরও বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।