আনন্দ-উচ্ছ্বাসে ফিজিকস অলিম্পিয়াড শুরু

হিম হিম সকালে উচ্ছল শিক্ষার্থীদের পদচারণে মুখর ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবির প্রধান ক্যাম্পাস। অনুষ্ঠান শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে থেকে প্রবেশপত্র হাতে প্রতিযোগীরা হাজির। উৎসবমুখর পরিবেশে আজ শনিবার সেখানে শুরু হয়েছে ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াড প্রতিযোগিতা।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এরপরই পরিবেশন করা হয় ফিজিকস অলিম্পিয়াডের থিম সংগীত। ওড়ানো হয় বেলুন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স বিভাগের ডিন শাহারিয়ার খান। তিনি বলেন, এ আয়োজনে প্রতিভা প্রকাশ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। ভবিষ্যতে ফিজিকস অলিম্পিয়াড শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পদার্থবিজ্ঞানে এ দেশের ঐতিহ্য রয়েছে। বিশ্বের কাছে এ দেশকে তুলে ধরার জন্য পদার্থবিজ্ঞান হতে পারে বড় একটি হাতিয়ার।
অনুষ্ঠানে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান খোরশেদ আহমেদ কবির বলেন, এ প্রতিযোগিতা দেশে পদার্থবিজ্ঞান চর্চাকে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবি বিন মুজাফফর, বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর প্রমুখ।
উদ্বোধন পর্ব শেষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলেছে পরীক্ষা পর্ব। এরপর শুরু হয় কুইজ পর্ব। বেলা তিনটায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। প্রতিযোগিতায় বিজয়ী ৬০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।