আনন্দ-উচ্ছ্বাসে ভরা ঈদের ছুটি
গ্রামের বাড়িতে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছিলেন অনেকেই। কয়েক দিন ধরে তাই রাজধানী অনেকটাই ফাঁকা। যাঁরা ঢাকায় ছিলেন, তাঁরা ঈদের দিন সকালে নতুন পোশাক পরে গেছেন ঈদগাহে নামাজ আদায় করতে। এর পর থেকে ঈদের ছুটির দিনগুলোতে শুধুই আনন্দ-উচ্ছ্বাস।ঈদের দিনে শিশুরা রিকশা, স্কুটার, ট্যাক্সিক্যাবে করে বেড়াতে বের হয়। বিনোদনকেন্দ্রগুলোতে তাদের বন্ধনহীন ছোটাছুটি বড়দের মনে জাগিয়ে তোলে শৈশবের মধুর স্মৃতি।ত্রিশ রমজান পূর্ণ হওয়ায় এবার ঈদের ছুটি হয়ে যায় টানা চার দিন। ছুটির দিনগুলোতে যানজট আর কোলাহলময় চিরপরিচিত ঢাকা মহানগরের চেহারা গিয়েছিল পাল্টে। পথ ছিল নিরিবিলি। তবে চিড়িয়াখানা, শিশুপার্ক, ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, চন্দ্রিমা উদ্যান, রমনা উদ্যান, সংসদ ভবন এলাকাসহ নগরের দর্শনীয় ও বেড়ানোর জায়গাগুলোয় ছিল উপচে পড়া ভিড়।অনেকে প্রেক্ষাগৃহে ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখে বা পরিবারের সবাইকে নিয়ে বাসায় বসে টেলিভিশনের অনুষ্ঠান দেখে ছুটি উপভোগ করেছেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকের ‘ঈদসংখ্যা’ পড়েও সময় কাটিয়েছেন অনেকে।চিড়িয়াখানা ও শিশুপার্কে ভিড় বেশি: শিশু আর বড়দের জন্য স্বল্প খরচের বিনোদনকেন্দ্র শিশুপার্ক আর চিড়িয়াখানায় ছিল সবচেয়ে বেশি ভিড়। ঈদের দিন মিরপুর চিড়িয়াখানার সামনে চার বন্ধুর দেখা মিলল। হাসিব, জাওয়াদ, আশিক ও তৌসিব। তারা মহা খুশি চিড়িয়াখানায় এসে। হাসিব বলল, ‘অন্য সময় স্কুল বা আম্মুর কারণে ইচ্ছেমতো ঘুরতে পারি না। আজকে মনের খুশিতে ঘোরার দিন।’দুই ছেলেকে নিয়ে স্বামীবাগ থেকে শিশুপার্কে এসেছিলেন প্রকৌশলী বাদশা মিয়া। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে নাগরদোলায় উঠেছেন তিনি। বললেন, ‘অপেক্ষা করতে হলেও ভালো লেগেছে। কারণ শেষ পর্যন্ত নাগরদোলায় ওঠা সম্ভব হয়েছে, বাচ্চারা খুশি হয়েছে।’শিশুপার্কের পূর্বদিকে রমনা উদ্যানেও ছিল প্রচুর লোকসমাগম। কেউ সবান্ধব এসেছেন, কেউ এসেছেন সপরিবারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বললেন, ‘পার্কে ঢুকে ঝামেলাই হলো। হকাররা বিরক্ত করছে।’সিনেমায় যাই: শিশুপার্ক, চিড়িয়াখানা ছাড়াও কিশোর-কিশোরীদের গন্তব্য সিনেমা হল। মতিঝিলের মধুমিতা সিনেমা হলে ছবি দেখতে এসেছে তিন কিশোর—পাপ্পু, রিশাদ ও ফয়সাল। পাপ্পু বলছিল, ‘অপু বিশ্বাসের নতুন ছবি দেখতে হলে এসেছি। ঈদের দিনে ছবি দেখার মধ্যে আলাদা মজা আছে।’ অভিসার, মধুমিতা, জোনাকী, রাজমণি, বলাকা, স্টার সিনেপ্লেক্সেসহ সিনেমা হলগুলোতে ছিল দর্শকের ভিড়। ঈদে এবার ছবি মুক্তি পেয়েছে পাঁচটি। ছবিগুলো হচ্ছে নিঃশ্বাস আমার তুমি, চাচ্চু আমার চাচ্চু, নাম্বার ওয়ান শাকিব খান, রিক্সাওয়ালার ছেলে ও অবুঝ বউ।নাটক সরণিতে তারুণ্যের স্রোত: ঈদের পরদিন গত রোববার এবং গতকাল সোমবার সন্ধ্যায় নাটক সরণিতে (বেইলি রোড) দেখা গেল তারুণ্যের স্রোত। খাবারের দোকানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। ফুটপাতে বসে আড্ডায় মেতেছিল তারুণ্য। কেউ কেউ গান ধরেছিল মনের আনন্দে। ভিড়ভাট্টা যা-ই থাক, কোনো বড় দলের নাটক ছিল না মহিলা সমিতি মঞ্চে। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমী চত্বর ও জাতীয় নাট্যশালার সামনেও একই রকম জমজমাট পরিবেশ। সংস্কৃতিকর্মী মুস্তাফিজ বললেন, প্রতি ঈদে নাটক সরণিতে আসা তাঁদের কাছে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঈদের ছুটিতে বড় দলের নাটক থাকলে ভালো হতো।’নতুন করে পুরান ঢাকায়: পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বলধা গার্ডেনসহ, বেড়ানোর জায়গাগুলোতে সপরিবারে এসেছিলেন অনেকে। ঈদের দিন দুপুরে বলধায় গিয়ে দেখা গেল ২/৩ ওয়ারী স্ট্রিট থেকে এসেছে স্কুলশিক্ষার্থী মালিহা, আহনাফ, আদিব ও এলমা। ওরা দাঁড়িয়ে ছিল টিকিট কাউন্টারের সামনে। আদিব বলল, ‘বাসার খুব কাছে হলেও বলধা গার্ডেনে তেমন একটা আসা হয় না। ঈদের দিনে বেড়াতে এলে বাসায় বকা দেয় না। তাই আমরা চলে এসেছি।’সুরিটোলা, লক্ষ্মীবাজার, আরমানিটোলা, ইংলিশ রোড, ধূপখোলা মাঠ, নয়াবাজারসহ বেশ কিছু এলাকায় স্থানীয়ভাবে মেলার আয়োজন করা হয়। গতকাল সোমবারও এই মেলাগুলোতে ছিল শিশু-কিশোরদের সরব উপস্থিতি।চন্দ্রিমা উদ্যান, শিশুমেলা: ঈদের দিন বিকেল থেকে গতকাল সোমবার পর্যন্ত জাতীয় সংসদ এলাকা ও চন্দ্রিমা উদ্যানে ছিল মানুষের ঢল। শ্যামলীর শিশুমেলা ও গুলশানের ওয়ান্ডারল্যন্ডেও ভিড় ছিল প্রচুর। ছোটদের পাশাপাশি তরুণ-তরুণীরাও সদলবলে বেড়াতে এসেছিলেন। বিভিন্ন রাইডে চড়ে তাদের আনন্দ উপভোগ করতে দেখা গেছে। ফাঁকা রাজপথে রিকশাবিলাস: ঈদের আগের দিন থেকেই রাজধানীর অধিকাংশ সড়ক প্রায় ফাঁকা ছিল। মাঝে মাঝে দু-একটি রিকশা, ব্যক্তিগত ছোট গাড়ি আর লোকাল বাস দেখা গেছে। ছিল রং-বেরঙের পাঞ্জাবি আর হালফ্যাশনের পোশাক পরা নারী-পুরুষের দল। অন্য সময় রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও গত দুই দিন রিকশা চলেছে। চালকেরাও দ্বিগুণ ভাড়া হাঁকিয়েছেন। বাস, অটোরিকশা, মিশুকসহ অন্যান্য গণপরিবহনেও অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে। কলেজছাত্রী হাবিবা বললেন, ‘ফাঁকা রাস্তায় রিকশায় করে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। টাকা কোনো ব্যাপার না। ঈদ সেলামির টাকা আছে না!’