আনন্দ-উৎসবে খুশির ঈদ

এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে দেশের মুসলমান সম্প্রদায়।
এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে শরিক হন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, ঊর্ধ্বতন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। এ ছাড়া মুসলিম দেশগুলোর কূটনীতিকেরাও নামাজে শরিক হন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন ঈদ জামাতে ইমামতি করেন।
দেশ ও দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ইসরায়েলের নৃশংসতা থেকে ফিলিস্তিনের মানুষকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ নামাজের পর মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদে নারীদের নামাজের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।
প্রতিবারের মতো এবারও দেশের ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মুসলিম সম্প্রদায়কে এ হত্যাকাণ্ড ঠেকাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ঈদ উপলক্ষে দেশের সরকারি হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে। বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সংবাদপত্রগুলো প্রকাশ করে ঈদের বিশেষ সংখ্যা।
এবার টানা নয় দিনের ছুটি থাকায় অনেকে গ্রামের বাড়ি চলে গেছেন। এতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা। তাই নগরবাসীকে ঈদের দিন স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাচল করতে দেখা গেছে।