আনন্দ-উদ্দীপনায় জন্মাষ্টমী উদ্যাপিত

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে গতকাল রোববার সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীরা আনন্দ–উদ্দীপনায় উদ্যাপন করেছেন। শোভাযাত্রা, আলোচনা, পূজা, কীর্তনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
বরিশাল: সকাল ১০টায় নগরের লাইন রোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধর্মরক্ষিণী সভাগৃহে শেষ হয়। এর আগে রাখাল চন্দ্র দের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস।
সাতক্ষীরা: বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় মায়ের বাড়ি মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। মনোরঞ্জন মুখার্জির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বক্তব্য দেন মুনসুর আহমেদ, গোকুল কৃষ্ণ ঘোষ, চৌধুরী মঞ্জুরুল কবীর, নজরুল ইসলাম, আসাদুজ্জামান, বিশ্বনাথ ঘোষ, বিশ্বজিৎ সাধু, মঙ্গল কুমার পাল, গোষ্ঠবিহারী মণ্ডল, অনিত মুখার্জি, নয়ন কুমার সানা প্রমুখ।
পটুয়াখালী: এখানে হিন্দু সমাজগৃহে ২০ দিনব্যাপী বিশেষ পূজা, পদাবলি কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আলোচনা সভা হয়।
বাগেরহাট: দুপুরে শহরের শালতলার হরিসভা মন্দিরে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকত আলী বাদশা। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ হ্যাপি বড়াল ছাড়াও শুকুর আলী, নিজামুল হক মোল্লা, শিবপ্রসাদ ঘোষ প্রমুখ।
গোয়ালন্দ (রাজবাড়ী): অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী। বক্তব্য দেন কাজী জয়নুল আবেদীন, বিজয় বসাক, সত্য চৈতন্য ব্রহ্মচারী, জহিরুল ইসলাম, শেখ মাহাতাব আলী, মানস বন্ধু ব্রহ্মচারী প্রমুখ।
রাজবাড়ী: পাংশা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। সুব্রত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোপাল চন্দ্র দাস, ফরিদ হাসান ওদুদ, আমিনুল ইসলাম খান, ওয়াজেদ আলী মাস্টার, দীবালোক কুণ্ড।
মঠবাড়িয়া (পিরোজপুর): এখানে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আহ্বায়ক গৌরনারায়ণ রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ ছাড়া গীতাপাঠ, শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় টিএসসিসিতে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাকক্ষে জন্মাষ্টমী পূজা হয়। এতে বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।