আনন্দ-উল্লাসে পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল হরলিক্স-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথিরা ষ ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল হরলিক্স-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথিরা ষ ছবি: প্রথম আলো

মা-বাবার হাত ধরে এসেছিল তারা। পুরস্কারের বই ও ঈদকার্ড নিয়ে বেজায় খুশি শিশু-কিশোরেরা। তাদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল রঙিন বেলুন। পুরো মিলনায়তন সাজানো হয় বেলুন এবং শুধু তাদের তৈরি ঈদকার্ড দিয়ে। গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো হরলিক্স-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।
কোথাও ‘বাবা ও মা’, কোথাও ‘বাঁশ বাগানের মাথায় চাঁদ উঠেছে ঐ’—মনের এমন হাজারো ভাবনা তারা ফুটিয়ে তুলেছে ঈদকার্ডে। এর মধ্য থেকে বিজয়ী কার্ডগুলো এবার প্রথম আলো ঈদসংখ্যার সঙ্গে পাবেন পাঠকেরা।
‘এবার নিজেই করো আব্বু-আম্মুর জন্য ঈদকার্ডের নকশা’—এই আহ্বানে আয়োজন করা হয়েছিল ‘হরলিক্স-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা’। মা-বাবার জন্য ঈদের কার্ডের নকশা করছে শিশু-কিশোরেরা, আর সেসব নকশারই পুরস্কার পেল তারা।
প্রতিযোগিতা ছিল বয়সভিত্তিক দুটি বিভাগে। ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে। ‘ক’ বিভাগে সাতজন এবং ‘খ’ বিভাগে চারজন পুরস্কার পেয়েছে। পুরস্কার হিসেবে প্রত্যেকে পেয়েছে ১০ হাজার টাকার বই ও সনদ। ভিন্নধর্মী এ আয়োজনে প্রথম আলোর সহযোগী গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ব্র্যান্ড হরলিক্স।
‘ক’ বিভাগে প্রথম হয়েছে মধ্যবাড্ডার হলি ফ্লাওয়ার আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী আয়ান সরকার। ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনার স্কুলের খন্দকার মুহতাসিম হাসান দ্বিতীয় হয়েছে। তার বাবা খন্দকার মুনতাসির হাসান একজন শিক্ষক। তিনি জানান, এ ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের সুকুমারবৃত্তির বিকাশ ঘটে। মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের রাইয়ান ফেরদৌস তৃতীয় স্থান অধিকার করেছে। এ ছাড়া শ্রেয়ান রশিদ, মাদেহা নাওয়ার, ফাউজিয়া ফিরোজ ও জারিন সুবহা পেয়েছে বিশেষ পুরস্কার।
‘খ’ বিভাগে প্রথম হয়েছে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের আমিনুল ইসলাম। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের সৌমিক রায় দ্বিতীয়, ঢাকার মনিপুর উচ্চবিদ্যালয়ের লামিয়া জাহান তৃতীয় ও চট্টগ্রামের ক্যান্টনমেন্ট পাবালিক স্কুল ও কলেজের আনিকা ইবনাত চতুর্থ হয়েছে।
অনুষ্ঠানে চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারক আলভী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রধান শিল্পনির্দেশক অশোক কর্মকার এবং বিশিষ্ট ছড়াকার আকতার হুসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করে শিশু-কিশোরেরা।
অনুষ্ঠানে সমরজিৎ রায়চৌধুরী বলেন, ‘সব কটি কার্ডের নকশাই ভালো ছিল। আমরা ভালোর মধ্যে ভালোগুলো বাছাই করেছি।’