আনন্দ-উল্লাসে বিআইএমের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল আটটা৷ রংবেরঙের টি-শার্ট ও শাড়ি পরে ক্যাম্পাসে পুনর্মিলনীতে জড়ো হন প্রাক্তন শিক্ষার্থীরা৷ দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তাঁরা৷ সবাই মিলে করেন শোভাযাত্রা৷
গতকাল শুক্রবার রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ক্যাম্পাসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়৷ ‘সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, চাকরির সুযোগ তৈরি, মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার প্রত্যয়’ নিয়ে এই প্রথম পুনর্মিলনীর আয়োজন করে বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন৷ বিআইএমে বিভিন্ন বিষয়ে ছয় মাস ও এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে পাঠদান করা হয়৷
সকাল নয়টায় ঘোড়ার গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করে বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন৷ শোভাযাত্রাটি আসাদগেট ও মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়৷ সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়৷ এতে বিআইএম থেকে ডিপ্লোমা সম্পন্নকারী প্রাক্তন প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আগে জনসংখ্যা বৃদ্ধিকে দেশের সমস্যা মনে করা হতো৷ কিন্তু বর্তমানে জনসংখ্যা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠেছে৷ দেশের শিক্ষিত তরুণেরা নিজ নিজ উদ্যোগে ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান
গড়ে তুলছেন৷ এতে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে৷ এভাবেই দেশ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাবে৷’ তিনি বলেন, বিআইএমের মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার৷ এই প্রতিষ্ঠানে ডিপ্লোমার পাশাপাশি স্নাতকোত্তর কোর্স খোলার পরিকল্পনা নিয়েছে সরকার৷
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, তরুণেরা দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে নেবে৷ দেশকে ভালোবেসে মানুষকে সেবা করবে৷ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷
বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইকবাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিআইএমের মহাপরিচালক আতোয়ার রহমান, পরিচালক পারভীন আহমেদ, বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব তানভীন হোসাইন প্রমুখ বক্তব্য দেন৷ পরে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিষ্ঠাতা সদস্যদের ক্রেস্ট বিতরণ, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন এবং র্যা ফল ড্র অনুষ্ঠিত হয়৷