আনন্দ-উৎসবে উদ্যাপিত ঈদ

এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে গত মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছে দেশের মুসলমান সম্প্রদায়।
এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
ঈদের প্রধান ধর্মীয় অনুষঙ্গ ঈদগাহ ও মসজিদে মসজিদে জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। সকালে পথে পথে ছিল নতুন পোশাক পরা নানা বয়সের মানুষের ঈদগাহ ও মসজিদমুখী যাত্রা। আর দিনভর চলেছে বাড়ি বাড়ি ঘুরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। দেশজুড়ে মোড়ে মোড়ে কিশোর-তরুণ-যুবকদের জমিয়ে আড্ডা, ঐতিহ্যবাহী মেলা, খেলাধুলা, নানা ধরনের যানবাহনে দল বেঁধে হইহই করে ঘোরা, পার্ক, উদ্যান আর চিড়িয়াখানার মতো বিনোদনকেন্দ্রে সপরিবার বা সবান্ধব ভিড় করার মতো নানা বিনোদনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ঈদ। আনন্দের রেশ চলেছে গতকাল বৃহস্পতিবারও। পাশাপাশি যেন অনিবার্যভাবেই কয়েক দিনে নানা সড়ক ও নৌ দুর্ঘটনায় হারিয়ে গেছে বেশ কিছুসংখ্যক প্রাণ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাজধানীতে জাতীয় ঈদগাহে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে শরিক হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ, ঊর্ধ্বতন রাজনৈতিক ব্যক্তি ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। এ ছাড়া মুসলিম দেশগুলোর কূটনীতিকেরাও নামাজে শরিক হন। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। দেশ ও দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ইসরায়েলের নৃশংসতা থেকে ফিলিস্তিনের মানুষকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও বরাবরের মতো ঈদের কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদে নারীদের নামাজের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। প্রতিবারের মতো এবারও দেশের ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
ঈদ উপলক্ষে দেশের সরকারি হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সংবাদপত্রগুলোর বর্ধিত কলেবরের ঈদসংখ্যা বিশেষ করে নাগরিকদের ঈদের কেনাকাটার তালিকার অন্যতম বিষয়।
ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি গেছেন জীবিকার তাগিদে নগরবাসী অগণিত মানুষ। এতে রাজধানী বেশ ফাঁকা। তাই নগরবাসী কয়েক দিন ধরে যানজটমুক্ত পরিবেশে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছেন। তবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঘরে ফেরার পালা। ধীরে ধীরে কয়েক দিনেই আবার পুরোনো চেহারায় ফিরে যাবে বিশ্বের অন্যতম শীর্ষ জনবহুল নগর ঢাকা।