আনন্দ কেড়ে নিল সড়ক ঝরে পড়ল ৩৯ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া–রংপুর মহাসড়কের শিবগঞ্জের ভরিয়া এলাকায় দুর্ঘটনাকবলিত বাস। গত বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় তিনজন নিহত হন l ছবি: প্রথম আলো
বগুড়া–রংপুর মহাসড়কের শিবগঞ্জের ভরিয়া এলাকায় দুর্ঘটনাকবলিত বাস। গত বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় তিনজন নিহত হন l ছবি: প্রথম আলো

ঈদের আনন্দ বিষাদ করে দিয়েছে সড়ক। গত চার দিনে অন্তত ৩৯ জনের প্রাণ ঝরেছে রাস্তায়। কান্নার রোল পড়েছে ঘরে ঘরে। ঈদের আনন্দ ভুলে এখন শোকাতুর স্বজন হারানো পরিবারগুলো।
গোপালগঞ্জে ইজিবাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ছাত্রলীগ নেতাসহ দুই স্কুলছাত্রের। বগুড়ায় সেনা সদস্য, নারায়ণগঞ্জে গরুর  বেপারীসহ বৃহস্পতিবার থেকে গতকাল রোববার পর্যন্ত ১৫ জেলায় এসব প্রাণহানি ঘটেছে।
গোপালগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলীগাতি গ্রামের খোকন সিকদার (৪৫), তাঁর মা কাতেবুন্নেচ্ছা (৭০), স্ত্রী চায়না বেগম (৪০), দুই মেয়ে এ্যানি (১৬) ও চাঁদনী (৮), ভাতিজা সাকিব সিকদার (১২) এবং ইজিবাইকচালক স্বপন সরদার (৩৫)।
নিহত খোকন সিকদার খুলনার নতুন বাজারের ফল ব্যবসায়ী। তাঁর মেজো মেয়ে তানিয়ার ননদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি সপরিবারে খুলনা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। খুলনা থেকে বাসে করে রওনা হয়ে শনিবার সকাল নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় এসে নামেন তাঁরা। সেখান থেকে নেন ইজিবাইক। সকাল সোয়া ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের শিবপুরে ঢাকাগামী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়ির সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই প্রাণ হারান সাতজন।

মুন্সিগঞ্জে প্রাণ গেছে চারজনের। তাঁরা হলেন শ্রীনগর উপজেলার সেলামতি এলাকার সালমা আক্তার ও তাঁর নাতি জিসান (৩), একই উপজেলার দক্ষিণ পাইকসার গ্রামের সিরাজুল ইসলাম (৫৫) ও সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের নূপুর (১৮)। তাঁদের মধ্যে সালমা আক্তার ও জিসান গতকাল ঢাকা-মাওয়া সড়কের ষোলঘর বাসস্ট্যান্ড এবং দোগাছি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বাসচাপায় সিরাজুল মারা যান। আর নূপুরের মৃত্যু হয়েছে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে।

ঈদের আগের দিন ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে দুই স্কুলছাত্রের। তারা হলো মো. রাইয়ান শামস (১৬) ও আবির হোসেন হাওলাদার (১৭)। দুজনই ফরিদপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। একই দিন সন্ধ্যা রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পারচর গ্রামের আনোয়ার প্রামাণিকের ছেলে নুরুল আহাদ ওরফে চয়ন (২২)। তিনি ঢাকার ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সেনাবাহিনীর একজন সদস্যসহ চারজন নিহত হয়েছেন বগুড়ায়। শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর সড়কে ঈদের দিন বাসচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী হেলাল উদ্দিন (২৮)। তিনি মাঝিড়া সেনানিবাসে কর্মরত ছিলেন। এ ছাড়া ঈদের আগের দিনে মহাসড়কের ভরিয়া নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনজন। তাঁরা হলেন আবুল কালাম আজাদ (৩৫), আবদুল কাদের ও আশরাফুল ইসলাম (২৮)।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন গরু ব্যবসায়ী হাবিব, পিকআপ ভ্যানচালক রাজু ও হেলপার জুলহাস। ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা ও কেলিয়া বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে শনিবার দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী আবুল কালাম, বাবুল হোসেন ও সুমাইয়া আক্তার মারা যান। ধামরাইয়ের ইসলামপুর এলাকায় একই দিন বাসচাপায় মারা যান জামাল হোসেন নামের এক রিকশাচালক।

এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোহাগ মিয়া ও সামছুজ্জোহা সরকার, শরীয়তপুর শহরে বাসচাপায় উজ্জ্বল মিয়া, পাবনার বেড়ায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানের যাত্রী আছিয়া খাতুন, চুয়াডাঙ্গা সদরে ট্রাক ও আলমসাধুর সংঘর্ষে খায়রুল আলম ও মো. শফিউদ্দিন সরদার, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী তাহমিনা বেগম, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ও টেম্পোর সংঘর্ষে সেলিম, সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের যাত্রী শফিকুল ইসলাম, কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৬৫) ও রায়পুরে অজ্ঞাত এক নারী (৩৫), বরিশালের উজিরপুরে ইঞ্জিনচালিত ভ্যানের চাপায় ইমন সিকদার, সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় জুলেখা বিবি এবং ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী নামক স্থানে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

[প্রতিবেদন তৈরিতে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা সহায়তা করেছেন]