আনন্দ-গানে রেডিও পল্লিকণ্ঠের বর্ষপূর্তি উদ্যাপন
মৌলভীবাজারে কমিউনিটি রেডিও পল্লিকণ্ঠের (৯৯.২) তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার দিনটি উদ্যাপন করা হয়।
রেডিওটি মৌলভীবাজার জেলার ১৭ কিলোমিটার এলাকাব্যাপী সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, সাহিত্য, অভিজ্ঞতা বর্ণনা, আঞ্চলিক গানসহ গ্রামীণ জীবনঘনিষ্ঠ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে আসছে।
এ উপলক্ষে গতকাল সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মৌলভীবাজার শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবে ফিরে আসে। পরে সেখানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপক আজিজুর রহমানের সভাপতিত্বে ও রেডিও পল্লিকণ্ঠের স্টেশন ব্যবস্থাপক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন কবি সৈয়দ মোশাহিদ আহমদ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, নাট্যকার খালেদ চৌধুরী ও সাংবাদিক নজরুল ইসলাম।
আলোচনা শেষে গীতিকার শাহ আবদুল আজিজকে রেডিও পল্লিকণ্ঠের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। পরে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানস্থলে পিঠাঘরে ছিল নানা রকম পিঠার আয়োজন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।