আনন্দ ছিল, আতঙ্কও ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি বাহিনীর সঙ্গে দীর্ঘ ছয় মাস যুদ্ধের পর একাত্তরের ৪ ডিসেম্বর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ও তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাট হানাদারমুক্ত হয়। 

স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকিস্তানি বাহিনী একাত্তরের ২৩ এপ্রিল তৎকালীন ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয় এবং পরিষদের চার কিলোমিটার দূরে তিস্তামুখ রেলওয়ে ফেরিঘাট এলাকায় ঘাঁটি স্থাপন করে। এই দুই ক্যাম্প থেকে তারা আশপাশের গ্রামে, বিশেষত হিন্দু ও আওয়ামী লীগের লোকজনের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ এবং নারী নির্যাতন শুরু করে।
এসব ঘটনার প্রত্যক্ষদর্শী ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের স্কুলশিক্ষক আলম মিয়া বলেন, ‘উপজেলা পরিষদের পাশেই আমার বাড়ি। পাকিস্তানি বাহিনী বিভিন্ন এলাকা থেকে স্বাধীনতার সপক্ষের মানুষকে ধরে এনে ক্যাম্পে রাখত। এখানে কাউকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে, কাউকে গুলি করে হত্যা করা হয়।’
ফুলছড়ি উপজেলার যোগারপাড়া গ্রামের বীরাঙ্গনা হামিদা বানু (৬০) বলেন, ‘একাত্তরের জুলাই মাসের এক রাতে পাকিস্তানি সেনারা দরজা ভেঙে আমাদের ঘরে ঢোকে। তারা আমার স্বামীকে বেঁধে রেখে আমাকে তাদের ক্যাম্পে নিয়ে কয়েক দিন নির্যাতন চালায়।’
মুক্তিযোদ্ধারা জানান, পাকিস্তানি বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। এলাকার ছাত্র-জনতা-যুবক একত্র হয়ে প্রশিক্ষণ নিতে ভারতে যায়। সেখানে প্রশিক্ষণ শেষে জুন মাসের প্রথম দিকে ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার রোস্তম আলী খন্দকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি বিশাল দল ফুলছড়িতে ফিরে আসে।
১১ নম্বর সেক্টরের রোস্তম কোম্পানির সহকারী কমান্ডার গৌতম চন্দ্র মোদক বলেন, ৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে পাকিস্তানি বাহিনীর ২৫ জন সদস্য নিহত এবং পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ হন। ওই দিনই ফুলছড়ি উপজেলা এবং তিস্তামুখ ঘাট হানাদারমুক্ত হয়।
হানাদারমুক্ত হওয়ার পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। পাকিস্তানি বাহিনী বিতাড়িত হওয়ার খবর শুনে স্থানীয় সর্বস্তরের মানুষ আনন্দ-উল্লাস করতে থাকে। গাইবান্ধা জেলার মধ্যে ফুলছড়ি প্রথম হানাদারমুক্ত হয়। এ কারণে আনন্দটা ছিল আরও বেশি।
উপজেলার গজারিয়া গ্রামের প্রবীণ শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘একাত্তরের ৪ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে এখানে প্রকাশ্যে কেউ বিজয় মিছিল করেনি। সবাই ঘরে ঘরে, চায়ের স্টলে, রাস্তার মোড়ে মোড়ে সমবেত হয়ে আনন্দ ভাগাভাগি করে। তারা একটাই আলোচনা করত আমাদের বিজয় নিশ্চিত।’ তিনি বলেন, এলাকাবাসী নিজেরাই এ সময়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করেন।
একই গ্রামের চাকরিজীবী আবদুল কাইয়ুম বলেন, মুক্তিযোদ্ধারা ফুলছড়ির চরাঞ্চলে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করে। হানাদারমুক্ত হওয়ার পর সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়ে। জনতার উল্লাসে চরাঞ্চল থেকে মুক্তিযোদ্ধারাও যোগ দেন।
উপজেলার গলনারচর গ্রামের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, পাকিস্তানি বাহিনী চলে যাওয়ার পর মানুষের মধ্যে যেমন আনন্দ ছিল, তেমনি আতঙ্কও ছিল এই ভেবে যে আবার যদি পাকিস্তানি বাহিনী ফিরে আসে। কারণ তখন তৎকালীন গাইবান্ধা মহকুমা সদরসহ দেশের অনেক জায়গা মুক্ত হয়নি। বাউশি গ্রামের ব্যবসায়ী ময়েজ উদ্দিন বলেন, ‘পাকিস্তানি বাহিনী চলে যাওয়ার পরদিন অনেককে তাদের সেনাক্যাম্পে স্বজনদের লাশ খুঁজতে দেখেছি। তবে তাদের মধ্যে কষ্টের চেয়ে যেন বিজয়ের আনন্দই ছিল বেশি।’