মঞ্চে বসেই রণজিৎ বারোতের চোখ পড়ল দর্শক সারিতে। সেখানে বসে তাঁর চেনা কেউ? তাঁরই দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, ‘এবার আমাদের সঙ্গে বাজাবেন অদ্বিতীয় গ্যারি হাজবেন্ড।’ ভারতের রণজিৎ বারোত ও স্ল্যাং ব্যান্ডের সঙ্গে গ্র্যান্ড পিয়ানো বাজালেন যুক্তরাজ্যের পিয়ানোবাদক গ্যারি। জ্যাজ-ব্লুজ উৎসবের প্রথম সন্ধ্যায় ছিল তাঁর একক পরিবেশনা।
গতকাল মঙ্গলবার শেষ হলো জ্যাজ-ব্লুজ উৎসব। সন্ধ্যা থেকেই উষ্ণ হয়ে উঠেছিল উত্তরার লা মেরিডিয়ান হোটেলের ছাদ। শেষ সন্ধ্যাতেই যেন বেশ জমে উঠেছিল এ উৎসব। জ্যাজ ও ব্লুজ সংগীতপ্রেমীদের উপস্থিতির সংখ্যা শিল্পীদেরও করে তুলেছিল দারুণ উদ্দীপ্ত। সন্ধ্যার শুরুতেই পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন যুক্তরাষ্ট্রের অভিসাই কোহেন। তালিকায় ছিল না দলটির নাম। শেষ মুহূর্তে জানা গিয়েছিল, শিকাগোর শিল্পী লুরি বেল অসুস্থ। আসা হচ্ছে না তাঁর। ফলে উৎসবে বাজাতে তড়িঘড়ি করে আসতে হয়েছে এই দলটিকে। দীর্ঘ সময় নিয়ে তাঁরা বাজিয়ে শোনান দারুণ কিছু কম্পোজিশন।
উৎসবের দ্বিতীয় পরিবেশনা ছিল রণজিৎ বারোত ও স্ল্যাংয়ের। দীর্ঘক্ষণ তাঁদের বাদনে মুগ্ধ দর্শক করতালি দিয়ে অভিবাদন জানান দলটিকে। গিটার, স্যাক্সোফোন, পিয়ানো ও ড্রামসে রণজিতের বেশ কিছু কম্পোজিশন বাজিয়ে শোনান তাঁরা। পরে যুক্ত হন গ্যারি। এতে আরও উপভোগ্য হয়ে ওঠে তাঁদের বাদন।
উৎসবের শেষ পরিবেশনা নিয়ে আসে ভারতের শিলংয়ের জনপ্রিয় গানের দল সোলমেট। প্রথমবার জ্যাজ-ব্লুজ উৎসবে ঢাকায় এসে মাতিয়েছিলেন তাঁরা। এবার মঞ্চে উঠতেই উল্লসিত দর্শক অভ্যর্থনা জানায় দলটিকে। তাঁরা গেয়ে শোনান বি বি কিংয়ের ‘এভরি ডে’, এটা জেমসের ‘ব্লুজ ইজ মাই বিজনেস’ এবং ‘সেট মি ফ্রি’সহ আরও বেশ কিছু গান।
এবারের উৎসব নিয়ে তৃপ্ত ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম। উৎসবস্থল বদল ছাড়া আর সবকিছুই ঠিকঠাক ছিল বলে মনে করেন তিনি। জানালেন, শ্রোতাদের সাড়া পেলে ঢাকায় আবারও এ ধরনের আয়োজন করতে চান তাঁরা।