আনন্দ পরিণত হলো বিষাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি নববর্ষ উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকার একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জেলা ছাত্রলীগের (জাসদ) সাবেক এক নেতা। কিন্তু বাড়ি ফেরা হয়নি। এর আগেই পথে বাসচাপায় নিহত হন তিনি।গত সোমবার রাতে শাজাহানপুরের বনানী-সাতমাথা সড়কের পুলিশ লাইনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নেতার নাম জোবায়ের হোসেন ওরফে লিটন (৩০)। তিনি বগুড়া জেলা ছাত্রলীগ (জাসদ) ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সভাপতি।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নববর্ষের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বগুড়া শহরের চকলোকমান এলাকার বাসার ফিরছিলেন জোবায়ের ও যুবলীগ কর্মী শিপুল। বনানী-সাতমাথা সড়কের পুলিশ লাইনসংলগ্ন স্থানে পৌঁছলে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটি চাপা দেয়। এতে জোবায়ের ও শিপুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় শিপুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জোবায়েরের লাশ গতকাল মঙ্গলবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।