আনন্দ পুরস্কার গ্রহণ করলেন আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আনিসুজ্জামানের হাতে আনন্দ পুরস্কার তুলে দিচ্ছেন কবি শঙ্খ ঘোষ, আজ শনিবার সন্ধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানে। ছবি: ভাস্কর মুখার্জি
অধ্যাপক আনিসুজ্জামানের হাতে আনন্দ পুরস্কার তুলে দিচ্ছেন কবি শঙ্খ ঘোষ, আজ শনিবার সন্ধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানে। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের প্রখ্যাত লেখক ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ১৪২৩ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার পেয়েছেন। কলকাতার ঐতিহ্যবাহী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। অধ্যাপক আনিসুজ্জামান এবার এই পুরস্কার পেলেন তাঁর লেখা ‘বিপুলা পৃথিবীর’ জন্য। বইটি প্রকাশ করেছে ঢাকার প্রথমা প্রকাশন। 

পুরস্কার গ্রহণ করে অধ্যাপক আনিসুজ্জামান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে আনন্দিত ও গর্বিত। আমি ২০ বছর ধরে এই আনন্দ পুরস্কারের সঙ্গে জড়িত ছিলাম। এবার আমি সেই দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর এবার আমাকেই দেওয়া হলো এই পুরস্কার। যেন গোল্ডেন হ্যান্ডশেকের পর এই পুরস্কার প্রাপ্তি। সত্যিই এই পুরস্কার পেয়ে আমি দারুণ আনন্দিত। খুশি।’
প্রতিবছরই আনন্দবাজার পত্রিকা একটি বাংলা বইকে এই পুরস্কার দিয়ে থাকে। ১৯৫৮ সালের ২০ এপ্রিল প্রথম আনন্দ পুরস্কার পেয়েছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায় ও সমরেশ বসু।
অধ্যাপক আনিসুজ্জামানের ‘বিপুলা পৃথিবী’ বইটিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের সমাজ রাজনীতির নানা চিত্র, নানা কথা, নানা ঘটনা এবং তার ঘাত-প্রতিঘাত।
আজ শনিবার সন্ধ্যায় কলকাতার এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষেÿআয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। তুলে দেন কবি শঙ্খ ঘোষ। দেওয়া হয় তাঁকে একটি মানপত্রও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ।
আনিসুজ্জামানের উদ্দেশ্যে অভিজ্ঞানপত্র পাঠ করেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক অণির্বাণ চট্টোপাধ্যায়। তিনি তাঁর অভিজ্ঞানপত্রে লেখেন, ‘সারস্বত জগতে আদ্যন্ত নিমগ্ন যে অধ্যাপক-গবেষক বাংলা সাহিত্য ও সমাজ চিন্তায় বাঙালি মুসলমানের অবদানকে তার ঐতিহাসিক পটভূমিকায় নতুন করে আবিষ্কার করেছিলেন, নতুন দেশের বিশ্ব প্রতিনিধি হয়ে উঠেছিলেন, তাঁর আত্মকথা তো আসলে বৃহৎ বাঙালির সন্ধানে নিয়ত-বিভ্রান্ত দুই বাংলার গৌরবগাথা। এই বিরল অবদানকে সম্মানিত করার জন্য আপনার ‘বিপুলা পৃথিবী’ গ্রন্থটিকে ১৪২৩ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার প্রদান করা হলো।’
এবারে এই পুরস্কার কমিটির বিচারক ছিলেন কৃষ্ণা বসু, সৌমিত্র চট্টোপাধ্যায়, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, সমরেশ মজুমদার এবং সেলিনা হোসেন। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য দেন হর্ষ দত্ত।
১৯৫৮ সাল থেকে এই আনন্দ পুরস্কার প্রবর্তনের পর এখন পর্যন্ত যাঁরা এই পুরস্কার পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রমথনাথ বিশী, সৈয়দ মুজতবা আলী, সুকুমার সেন, বিমল কর, গৌর কিশোর ঘোষ, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মতি নন্দী, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, আনন্দশংকর রায়, আবুল বাশার, জয় গোস্বামী, আখতারুজ্জামান ইলিয়াস, নরেন বিশ্বাস, বাণী বসু, নজরুল ইসলাম, তসলিমা নাসরিন, হাসান আজিজুল হক প্রমুখ।