আনন্দ-বিষাদে শেষ হলো তারুণ্যের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিনের তাঁবুবাসের আনন্দ আর বিদায়ের বিষাদ নিয়ে গতকাল শনিবার সকালে শেষ হয়েছে সপ্তদশ রোভার মুট। যোগ্য ও ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরে গেছেন রোভার স্কাউটরা।‘আলোকিত জীবনের জন্য রোভারিং’—এ প্রতিপাদ্য নিয়ে গত ২৬ ডিসেম্বর থেকে গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুরের ভাওয়ালের জাতীয় উদ্যানের গজারি বনের পাশে রোভার পল্লিতে শুরু হয় সপ্তদশ রোভার মুট। এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয় হাজার শিক্ষার্থী।গতকাল নিজের তাঁবুর সামনে মন খারাপ করে দাঁড়িয়ে ছিলেন নরসিংদী সরকারি কলেজের ছাত্র জোবায়ের মাহমুদ। তিনি বলেন, ‘ছয় দিন আমরা একটি পরিবারের মতো হয়ে ছিলাম। দেশের বিভিন্ন অঞ্চলের অনেক নতুন বন্ধু হয়েছে। তাঁদের এখন ছেড়ে যেতে খারাপ লাগছে।’ জোবায়ের বলেন, ‘আমি ও আমাদের দলের নয়জন সদস্য শপথ নিয়েছি, আজীবন মাদক ও মিথ্যা থেকে দূরে থাকব। অন্যের বিপদে নিজেকে গুটিয়ে না রেখে এগিয়ে যাব।’বগুড়া সরকারি আযিযুল হক কলেজের রোভার সুজন রহমান বলেন, ‘রোভার মুটে এসে বুঝতে পেরেছি, কাউকে তার খারাপ অভ্যাস বদলাতে বলার আগে নিজের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। এখানে এসেই বুঝতে পেরেছি, নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ। এখন থেকে বাসায় গিয়েও নিজের কাজ নিজেই করব।’রোভার মুটের সমাপনী উপলক্ষে গত শুক্রবার বিকেলে আয়োজন করা হয় ইয়ুথ পার্লামেন্ট। অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘আমাদের অনেকেরই সংসদে যাওয়ার চেয়ে ক্ষমতায় যাওয়ার লোভ বেশি থাকে। কীভাবে আগামী দিনে ক্ষমতায় আসা যায়, সংসদকে অকার্যকর করা যায়, সেদিকেই দৃষ্টি নিবদ্ধ থাকে।’