আনন্দ-বেদনার বর্ষবরণ
সারা দেশের মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করেছে, তখন পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় ঝরেছে আনন্দাশ্রু আর বিচ্ছেদ-বেদনার সুর। পঞ্চগড়ে গত সোম ও ঠাকুরগাঁওয়ে গতকাল মঙ্গলবার এবার ও ওপার বাংলার মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জিরো লাইন এলাকা। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে থাকা সাধারণ মানুষ, যাঁরা টাকা-পয়সার অভাবে পাসপোর্ট-ভিসা করতে পারেন না, তাঁরা এই দিনটির অপেক্ষায় থাকেন। দুই দেশের কয়েক হাজার বাঙালি কাঁটাতারের বেড়া মাঝখানে রেখে আনন্দ-বেদনার মধ্য দিয়ে ভাগাভাগি করে বরণ করেন নতুন বছরকে।
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা সীমান্তে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত চলে এই মিলনমেলা। অপরদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদের পাড়ে বসেছিল দুই বাংলার মানুষের মিলনমেলা। এখানে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ছিল দুই বাংলার মানুষের মিলনের এ আয়োজন।
পঞ্চগড়ের ভারত সীমান্তে এসেছিলেন মা ও ছেলে। ’৪৭-এর দাঙ্গায় ছেলে নজরুল ইসলাম (৫০) ভারতে থেকে গিয়েছিলেন। তখন মা নজিমা খাতুন (৭৫) চলে এসেছিলেন বাংলাদেশে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার ভাউতিয়াপাড়া গ্রাম থেকে আর মা পঞ্চগড় সদর উপজেলার বোর্ড অফিস এলাকা থেকে ঠিক বেলা ১১টায় এসে দাঁড়িয়েছিলেন কাঁটাতারের দুই পাশে। দেখা গেল মা-ছেলে কাঁটাতারের ফাঁক দিয়ে একে অপরের হাত আঁকড়ে কান্না চোখে নিয়ে কথা বলছেন। পরে ছেলে বলেন, ‘ইচ্ছা হচ্ছিল, মাকে জড়িয়ে ধরি, চিৎকার করে কাঁদি। কিন্তু কাঁটাতারের ফাঁক দিয়ে শুধু মায়ের হাতটাই ছুঁতে পারলাম।’
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির গোমস্তাপুর থেকে এসেছেন সইমউদ্দিন (৬০)। উদ্দেশ্য ভাইয়ের সঙ্গে দেখা করা। তেঁতুলিয়ার কলিমজোত থেকে আসা ভাই ইছাহাক আলী বলেন, ৪২ বছর পর দুই ভাইয়ের দেখা হলো। তিনি আরও বলেন, ‘পাসপোর্ট-ভিসা করিবার পইসা নাই। বছরের অন্তত একটা দিন এরাম কইরলে ভালো হয়।’
নজরুল ইসলাম, নজিমা খাতুন কিংবা সইমউদ্দিনই নন, গত সোমবার ওই সীমান্তে আপনজনকে এক পলক দেখতে দুই পারের কয়েক হাজার মানুষ ছুটে এসেছিলেন।
ভারতের খালাপাড়া ক্যাম্পের (কোম্পানি কমান্ডার) হাবিলদার এ এস সিখাওয়াত বলেন, ‘আমরা স্থানীয় মানুষের অনুরোধে বিডিআরের সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নিয়েছি।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা এ টি এম নাজমুল হুদা জানান, স্থানীয় মানুষের অনুরোধে এবং বিএসএফের সঙ্গে আলোচনা করে কাঁটাতারের বেড়ার পাশে জিরো লাইনে স্বল্প সময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সরেজমিনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদের পাড়ে দেখা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নদী পেরিয়ে কাঁটাতারের বেড়ার পাশে জড়ো হতে শুরু করে নারী-পুরুষ-শিশু। স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার সময় ভেঙে পড়েন কান্নায়।
ঠাকুরগাঁওয়ের গড়েয়া থেকে মেয়েকে দেখতে এসেছেন অতুনু বর্মণ (৬৫)। তিনি বলেন, ‘আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পাসপোর্ট-ভিসা করে ভারতে যাওয়া হয় না। তাই প্রতিবছর এই দিনটার অপেক্ষায় থাকি।’
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল হক বলেন, হরিপুর উপজেলার অধিকাংশ এলাকা পাকিস্তান-ভারত বিভক্তির আগে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে ছিল। দেশ বিভাগে বিচ্ছিন্ন হয়ে দুই দেশে পড়ে আত্মীয়স্বজন। সারা বছর নিজেদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয় না তাঁদের। অপেক্ষা করে থাকে বৈশাখের এই শুরুর দিনটির জন্য।