ঈদুল আজহা, পূজা ও প্রবারণা পূর্ণিমার আনন্দে মেতেছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি কয়েদিরা। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন ধর্মাবলম্বীর এই উৎসবে মেতেছিলেন সব বন্দী।
দুর্ধর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ভিআইপি রাজনীতিবিদেরাও এক কাতারে দাঁড়িয়ে আদায় করেছেন ঈদের নামাজ। কেউ দুর্গার ছবি টাঙিয়ে করেছেন পূজা। অনেকে ফানুস উড়িয়ে পালন করেছেন প্রবারণা পূর্ণিমা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, ‘ভিআইপি বন্দী থেকে শুরু করে দুর্ধর্ষ সন্ত্রাসী সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন। পরে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন অন্য ধর্মাবলম্বীদের সঙ্গেও। প্রবারণা পূর্ণিমা, পূজায় হিন্দু ও বৌদ্ধধর্মাবলম্বীরা অন্য বন্দীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন। এতে বন্দীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। যা কারাগারে বিশৃঙ্খলা রোধে সহায়ক হবে।’
কারাসূত্রে জানা গেছে, চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন চার হাজার ৩৫০ জন। তাঁদের মধ্যে চার হাজার বন্দী মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু ঈদের দিন সকালে অন্য ধর্মাবলম্বীসহ সব বন্দীকে দেওয়া হয় সেমাই ও মুড়ি। ওই দিন কারা অভ্যন্তরে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম, ডিভিশনপ্রাপ্ত পাঁচ ভিআইপি বন্দী, জেএমবির সামরিক কমান্ডার জাবেদ ইকবাল, দুর্ধর্ষ সন্ত্রাসী শিবির নাছির, সরোয়ার, ম্যক্সনও। ঈদের দিন প্রতিটি ওয়ার্ডে এক বন্দী অপরকে জড়িয়ে কোলাকুলিও করেন। দুপুরে বন্দীদের খেতে দেওয়া হয় ভাত, আলুর দম ও মাছ। রাতে পোলাও, মাংস, পান-সুপারি দেওয়া হয় বন্দীদের ।
ঈদের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় কারাগারের ভেতরের সামনের মাঠ থেকে ১২টি ফানুস ওড়ায় বৌদ্ধধর্মাবলম্বীরা। এই সময় কারাগারে আটক অন্য বন্দীরা জানালার সামনে দাঁড়িয়ে ফানুস ওড়ানোর দৃশ্য দেখেন। পরে কারাগারে আটক ৪৫ জন বৌদ্ধধর্মাবলম্বী বন্দী নিজ নিজ ওয়ার্ডে ফিরে গেলে অন্য ধর্মাবলম্বীরা তাঁদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। কারাগারে আটক সাজাপ্রাপ্ত বিজিবি সদস্য বিকাশ বড়ুয়া জানান, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও সেটা অনুভব হয়নি তাঁর।
এদিকে কারাগারের চার দেয়ালেও দুর্গোৎসব পালন করেছেন বন্দীরা। ৩০০ হিন্দুধর্মাবলম্বী বন্দী একটি ওয়ার্ডে ছবি টাঙিয়ে পূজা করেছেন। উপমহাকারা পরিদর্শক (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) অসীম কান্তি পাল কারাগারে বন্দীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। বন্দী বিশ্বজিৎ দাশ জানান, পূজায়, ঈদে ও প্রবারণা পূর্ণিমায় একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন।