আনন্দ ভাগের মানসিকতা বিরোধী দলের নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, জাতির সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মানসিকতা প্রধান বিরোধী দলের মধ্যে অনুপস্থিত। আর এ ধরনের মানসিকতা দুর্ভাগ্যজনক।দীপু মনি গতকাল রোববার দুপুরে তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গত শনিবারের মন্তব্য প্রসঙ্গে এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক গোলটেবিল বৈঠকে বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে ইটলসের রায়ের পর সরকারকে না জেনেই ধন্যবাদ জানিয়েছিল বিএনপি। কিন্তু ওই রায় নিয়ে ‘শুভংকরের ফাঁকি’ আছে জানতে পেরে ধন্যবাদ ফিরিয়ে নিয়েছে প্রধান বিরোধী দল।পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেন, প্রধান বিরোধী দল সমুদ্রসীমা নিষ্পত্তির রায়ের একরকম প্রতিক্রিয়া দিয়েছিল। বিরোধীদলীয় নেতা সংসদে এ ব্যাপারে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি এখন সংসদে সে বক্তব্য প্রত্যাহার করবেন কি না জানি না। সে বক্তব্য তিনি কীভাবে ফিরিয়ে নেবেন, এটি তাঁদের বিষয়। তিনি বলেন, ‘এ বিষয়ে শুধু এটুকুই বলব, স্বাধীনতার পর জাতির জীবনে এত বড় একটি সুসংবাদ কখনো আসেনি। এতে জাতি অত্যন্ত খুশি। জাতির আনন্দে শরিক হতে না পারা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিজেদের ব্যর্থতা ঢাকতে আনন্দ ভাগ করে নেওয়ার মানসিকতা এদের মধ্যে অনুপস্থিত।’দীপু মনি বলেন, কোনো মামলায় ন্যায্য রায় হলে দুই পক্ষই ন্যায্য সুবিধা পায়। তেমনি এ ক্ষেত্রেও বাংলাদেশ ও মিয়ানমার ন্যায্য সুবিধা পেয়েছে। এ রায়ে দুই দেশই জয়ী হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমুদ্রসীমা মামলার রায় নিয়ে গোপনীয়তার কিছু নেই। সবকিছু আন্তর্জাতিক আদালতের ওয়েবসাইটে রয়েছে। সমুদ্র আইন ও মামলা সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁরা ওয়েবসাইট থেকে পড়ে এ সম্পর্কে জেনে নিতে পারেন।‘সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়’: পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দূর করতে সরকার কাজ করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও সন্ত্রাসবাদীদের জন্য ব্যবহূত হতে দেবে না বলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে—বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সেমিনারে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ দূত সতিন্দর কে লাম্বার এ মন্তব্যের জবাবে দীপু মনি এ কথা বলেন।