আনন্দ মিছিল করছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় রাজধানীসহ সারা দেশে আনন্দ মিছিল করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর নেতৃত্বে এ মিছিল শুরু হয়।

মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে জিরো পয়েন্ট-মুক্তাঙ্গন-প্রেসক্লাব-তোপখানা রোড-পুরান পল্টন-বায়তুল মোকাররম হয়ে আবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ফিরে আসে। মিছিলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলনসহ কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে পুরো এলাকায় মুখর হয়ে ওঠে।

এদিকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মিছিলের খবর পাওয়া গেছে। লালবাগ এলাকায় ঢাকা-৬ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল হয়। মতিঝিল, সবুজবাগ-খিলগাঁও, গুলশান, ধানমন্ডি, মিরপুর ও ডেমরায় আওয়ামী লীগের আনন্দ মিছিল করার খবর পাওয়া গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।