মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় বুধবার আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ। এ সময় বক্তারা দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার খবর আসার পর আজ বুধবার সকালে নগরের চেরাগী মোড়ে সমাবেশ করেন গণজাগরণ মঞ্চের নেতারা। সমাবেশ বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের
আহ্বায়ক চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান প্রমুখ। সমাবেশ শেষে তাঁরা আনন্দ মিছিল বের করেন।
বক্তারা পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে বলেন, আজ যখন আমাদের দেশে মানবতাবিরোধীদের বিচার হচ্ছে তখন পাকিস্তান ওদের পাশে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। তাঁরা বলেন, নিজামীর ফাঁসির রায় বহাল রাখা আমাদের আন্দোলনের বিজয়। একাত্তরে নিজামী আলবদর বাহিনীর প্রধান কমান্ডার ছিল। তাঁর সেকেন্ড কমান্ড মুজাহিদের ফাঁসি হলো। এখন দ্রুত নিজামীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানাচ্ছি আমরা।