আনন্দ মেলা'র নামে জুয়া, অবশেষে বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রেলস্টেশন-সংলগ্ন নাটাল চত্বর এলাকায় ‘আনন্দ মেলা’র নামে ১৫ দিন ধরে চলা জুয়ার আসর অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানোর পর আয়োজকেরা মেলাটি বন্ধ করে দেন। একই দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে এবং এই মেলার আয়োজক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে সমাবেশ করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে দুপুরে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন ডেপুটি কমান্ডার মহররম খন্দকার।

বক্তৃতা করেন আশুগঞ্জ সেক্টর কমান্ডার ফোরামের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা হেলিম, আমিরুল হক, আবুল হাসেম আজাদ, আবদুল হেকিম প্রমুখ।

গত ১৫ জুন থেকে ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র রেলস্টেশন-সংলগ্ন নাটাল চত্বর এলাকায় জুয়ার আসর বসায়। মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় মেলার আয়োজন করা হলেও জুয়ার আসরের বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা কিছু জানতেন না। এ নিয়ে ১ ও ২ জুলাই প্রথম আলোয় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ইউএনও ইসমাইল হোসেন বলেন, এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের অনুরোধ ও প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর আয়োজনকারীরা জুয়ার আসর বন্ধ করতে বাধ্য হয়েছেন।