আনন্দ মোহন কলেজের শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষক মো. আনোয়ারুল আউয়াল খান গত সোমবার রাতে শহরের কেসি রায় রোডে এক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীদের ছুরির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তাঁর বাঁ হাতের রগ কেটে গেছে। তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন।এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তার, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও কলেজ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে। পরে সদর মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের এ ঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জানালে পরিবেশ স্বাভাবিক হয়।মঙ্গলবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠক হয়। শিক্ষকেরা এ ঘটনার তীব্র নিন্দা করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দোষীদের বিচার দাবি করেন। থানা পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রভাষক আনোয়ারুল আউয়াল খান তাঁর বাড়ি থেকে শিক্ষার্থী সোহেল মিয়াকে এগিয়ে দিতে কেসি রায় রোডে এলে হঠাত্ চারজনের একটি সন্ত্রাসী দল তাঁদের পথ রোধ করে। তারা সোহেলের গলায় ছুরি ধরে দুটি মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। প্রভাষক আনোয়ারুল শিক্ষক পরিচয় দিয়ে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে ছুরি মারার চেষ্টা করে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁর দুই হাতে আঘাত লাগে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, এলাকার বহিরাগত সন্ত্রাসীরা প্রায়ই কলেজ ক্যাম্পাসে ঢুকে আড্ডা দেয়। সন্ধ্যার পর সুযোগ পেলেই ছাত্রাবাসের শিক্ষার্থীদের মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বলেন, ‘বিষয়টিকে আমরা ছিনতাই হিসেবে দেখছি না। কেননা ছিনতাই সাধারণত এক-দুজনে করে। আর শিক্ষক পরিচয় দেওয়ার পরও তাঁর ওপর আক্রমণ হয়েছে এটা খুবই দুঃখজনক।’সদর মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মুত্তাকী ইবনে মিনান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।