আনন্দ মোহনের ছাত্রের লাশ শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার দুই দিন পর ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর প্রথম পর্বের ছাত্র মোশারফ হোসেনের (২৫) লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাওয়া গেছে। পরিবারের সদস্যরা সেখানে এসে তাঁর লাশ শনাক্ত করেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ঘাগড়াপাড়া গ্রামের আবদুল বারেক ফকিরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মোশারফ গত রোববার বাড়ি থেকে ঢাকার আবদুল্লাহপুরের উদ্দেশে রওনা দেন। তিনি আবদুল্লাপুরে পোশাক তৈরির একটি কারখানায় কাজ করতেন। কিন্তু গন্তব্যে না পৌঁছায় এবং যোগাযোগ না করায় পরিবারের সদস্যরা সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ছাত্রের মামা সেনাবাহিনীর ক্যাপ্টেন মোমেন জানান, সোমবার ভোরে গাজীপুর মহাসড়ক পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করলে অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গেছে বলে জানানো হয়।